মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত-প্রভাস, হলিউড তারকা আনতে চান মিঠুন

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

রজনীকান্ত, মিঠুন চক্রবর্তী, প্রভাস। ছবি: কোলাজ
রজনীকান্ত, মিঠুন চক্রবর্তী, প্রভাস।

মঙ্গলবার (২৭ অক্টোবর) কলকাতার নন্দনে চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে এসব পরিকল্পনার কথা জানান অভিনেতা মিঠুন চক্রবর্তী।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী আয়োজনে এবার বড় চমক রাখার পরিকল্পনা করছেন আয়োজকেরা। দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা রজনীকান্ত ও প্রভাসকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি হলিউডের কয়েকজন তারকাকেও উৎসবে আনার চেষ্টা চলছে। উদ্বোধনী অনুষ্ঠান কলকাতার ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়ালে আয়োজনের বিষয়েও ভাবছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) কলকাতার নন্দনে চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে এসব পরিকল্পনার কথা জানান অভিনেতা মিঠুন চক্রবর্তী। নতুন সরকারের অধীনে এবারই প্রথম আয়োজিত হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ফলে উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে বাড়তি আয়োজনের পরিকল্পনা রয়েছে আয়োজকদের।

মিঠুন চক্রবর্তী জানান, এবারের উৎসবে রজনীকান্ত ও প্রভাসের মতো তারকাদের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। বলিউডের অভিনেতা অনুপম খেরের সঙ্গেও কথা বলছেন আয়োজকেরা। এ ছাড়া কঙ্গনা রানাওয়াত ও পরেশ রাওয়ালের সঙ্গে যোগাযোগের পরিকল্পনা রয়েছে। বিদেশি তারকাদেরও আমন্ত্রণ জানানোর চেষ্টা চলছে। তবে আমন্ত্রিত তারকাদের সবার উপস্থিতি এখনো চূড়ান্ত হয়নি। ফলে শেষ পর্যন্ত কারা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন, তা জানতে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান সাধারণত বড় আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। এবার সেই আয়োজনে নতুন মাত্রা যোগ করতে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ঐতিহাসিক এই স্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হলে তা উৎসবের আকর্ষণ বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে ভেন্যুর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা আসেনি।

মঙ্গলবারের বৈঠকে উৎসবের সামগ্রিক প্রস্তুতি, আয়োজনের ধরন এবং চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়। কলকাতার গুরুত্বপূর্ণ স্থানগুলোকে উৎসবের আবহে সাজিয়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন মিঠুন।

এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন মিঠুন চক্রবর্তী। নন্দনে অনুষ্ঠিত বৈঠকে মিঠুন ও প্রসেনজিৎ ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, মন্ত্রী অগ্নিমিত্রা পাল, নির্মাতা সন্দীপ রায় এবং অভিনেতা জিৎ ও হিরণ চট্টোপাধ্যায়সহ চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর শুরু হয়ে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে পুরো আয়োজনেই নতুনত্ব আনার চেষ্টা চলছে।

রজনীকান্ত, প্রভাস ও হলিউডের তারকাদের সম্ভাব্য অংশগ্রহণের পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানের স্থান নিয়েও তৈরি হয়েছে আগ্রহ। এখন দেখার বিষয়, আয়োজকদের পরিকল্পনা কতটা বাস্তবায়িত হয় এবং শেষ পর্যন্ত কোন কোন তারকাকে দেখা যায় কলকাতার এই চলচ্চিত্র উৎসবে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা, এই সময়

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন