মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

অস্ত্র ও মাদকসহ কনটেন্ট ক্রিয়েটর ডুরান গ্রেপ্তার

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

ওয়েন্ডি ডুরান
ওয়েন্ডি ডুরান

কলম্বিয়ার জাতীয় পুলিশ এবং একজন বিচারকের উপস্থিতিতে গ্রেপ্তার করা হয় তাকে।

গ্রেপ্তার হলেন মার্কিন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ফিটনেস কনটেন্ট ক্রিয়েটর ওয়েন্ডি ডুরান। গত ১৯ অক্টোবর কলম্বিয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। কলম্বিয়ার জাতীয় পুলিশ এবং একজন বিচারকের উপস্থিতিতে গ্রেপ্তার করা হয় তাকে।

সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ ভাড়া আদায় সংক্রান্ত মামলার ব্যাপারে কনটেন্ট ক্রিয়েটর ডুরানের সঙ্গে আইনি ব্যাপারে কথা বলতে গিয়েছিলেন। কিন্তু তার ফ্ল্যাটে প্রবেশের পর বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক খুঁজে পায় তারা। পরে তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে অস্ত্র পাচারের অভিযোগ আনা হয়।

অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে জানানো হয়েছে, জাতীয় পুলিশ এবং একজন বিচারক গত ১৯ অক্টোবর ২৪ বছর বয়সী ডুরানের ফ্ল্যাটে তার একটি সম্পদ বাজেয়াপ্ত করার পরোয়ানা কার্যকর করতে গিয়েছিলেন। কিন্তু তারা এই সোশ্যাল তারকার বসার কক্ষে একটি টেবিলের ওপর টিভির পাশে দুটি ৯ এমএম গ্লক পিস্তল পড়ে থাকতে দেখেন।

এ তরুণী স্বীকারোক্তিতে জানিয়েছেন, তার কাছে পাওয়া অস্ত্রের কোনো বৈধ অনুমোদনপত্র নেই। আর তদন্ত কর্মকর্তাদের মতে―পুলিশ যখন কনটেন্ট ক্রিয়েটর ডুরানের ফ্ল্যাটে তল্লাশি শুরু করে তখন তার একটি আলমারির ভেতর লুকিয়ে রাখা একটি আমেরিকান তৈরি ক্যালিবার কল্ট রাইফেল খুঁজে পায়। এছাড়া ৩৫ রাউন্ডের একটি ম্যাগাজিন, দুটি হলোগ্রাফিক সাইট এবং একটি লেজার অ্যাটাচমেন্ট পাওয়া যায়।

পুলিশ জানায়, ডুরানের কাছ থেকে নগদ ৪ হাজার ৮৪৪ মার্কিন ডলার, একটি অর্থ গণনার মেশিন, দুটি ডিজিটাল দাঁড়িপাল্লা, একটি সেল ফোন, দুটি ল্যাপটপ এবং মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে।

আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ তৈরি, পাচার এবং বহনের অভিযোগ তোলা হলে নিজেকে নির্দোষ দাবি করেন ডুরান। বর্তমানে হেফাজতে রয়েছেন তিনি। যদিও অভিযোগে তার কাছ থেকে মাদক পাওয়ার কথা বলা হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে এখনো মাদকের অভিযোগ তোলা হয়নি।

অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে বিবৃতিতে জানানো হয়েছে, কনটেন্ট ক্রিয়েটর ডুরান অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত কি-না এবং তার কাছ থেকে উদ্ধার করা জিনিসপত্রের উৎস ও লক্ষ্য নির্ধারণের জন্য তদন্ত কাজ চলছে।

প্রসঙ্গত, ডুরান নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে জন্ম নেয়া একজন মার্কিন নাগরিক এবং তিনি কলম্বিয়ার নাগরিকত্ব ধারণ করেন। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ‘সোশ্যালিওয়েন্ডি’ নামে পরিচিত তিনি। সেখানে নিয়মিত বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণামূলক কনটেন্ট তৈরি করেন। আর তার গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসতেই তার অনুসারীরা তীব্র সমালোচনা শুরু করেছেন অনলাইন প্ল্যাটফর্মগুলোয়।

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন