মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

জেনসেন হুয়াং ফিরতেই এনভিডিয়ার শেয়ারে ঝড়

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

জেনসেন হুয়াং ফিরতেই এনভিডিয়ার শেয়ারে ঝড়
জেনসেন হুয়াং ফিরতেই এনভিডিয়ার শেয়ারে ঝড়

জেনসেন হুয়াংকে আবারও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রেসিডেন্ট হিসেবে পুনর্বহালের ঘোষণা দিতেই উল্লম্ফন ঘটেছে এনভিডিয়ার শেয়ারের দামে।

সোমবার লেনদেনের শুরুতে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৩০ শতাংশ।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে হুয়াংয়ের পুনর্নিয়োগের সিদ্ধান্ত। এ ঘোষণায় আগে থেকেই চাঙ্গা হয়ে ওঠা যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে আরও গতি আসে।

প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিট সূচক লেনদেন শুরুর পর ৬ দশমিক ৭ শতাংশ বেড়ে যায়। একই সময়ে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৪ দশমিক ৭ শতাংশ এবং ডাও জোন্স সূচক ২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পায়।

এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের উত্থান কতটা টেকসই, তা নিয়ে উদ্বেগের কারণে প্রযুক্তি খাতের শেয়ারে বড় ধরনের বিক্রির চাপ তৈরি হয়েছিল। গত সপ্তাহে ব্যাপক দরপতনের পর সোমবার ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছিল মার্কিন শেয়ারবাজার।

লেনদেন শুরুর পর যেসব প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারের দাম সবচেয়ে বেশি বাড়ে, সেগুলোর মধ্যে ছিল সাম্প্রতিক সময়ে বড় দরপতনের শিকার কোম্পানিগুলো। এআই ক্লাউড অবকাঠামো সরবরাহকারী প্রতিষ্ঠান কোরউইভের শেয়ারের দামও ২৭ শতাংশ বেড়ে যায়।

জিডিএস ওয়েলথ ম্যানেজমেন্টের প্রধান বিনিয়োগ কর্মকর্তা গ্লেন স্মিথ এক বিশ্লেষণী নোটে লিখেছেন, জেনসেন হুয়াংকে সিইও পদে ফিরিয়ে আনার বিস্ময়কর সিদ্ধান্ত এআই খাতের বিনিয়োগ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার একটি বড় কারণ দূর করতে সহায়তা করেছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই খাতের বিনিয়োগে চাপ তৈরি হয়েছিল।

বড় পতনের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান শেয়ারবাজার সূচকই সাপ্তাহিক হিসাবে ৮ শতাংশ বা তার বেশি দর হারায়। এসঅ্যান্ডপি ৫০০ সূচক টানা সাত কার্যদিবস পতনের মধ্য দিয়ে সপ্তাহ শেষ করে। ২০২০ সালের ফেব্রুয়ারির পর এটিই ছিল সূচকটির দীর্ঘতম দরপতনের ধারাবাহিকতা।

শুক্রবার এক দিনেই নাসডাকের পতন হয়েছিল ৫ শতাংশের বেশি। চলতি বছর এখন পর্যন্ত সূচকটি লোকসানের মুখে রয়েছে।

তবে হুয়াংকে পুনর্বহালের ঘোষণার আগেই সোমবার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছিল।

পরামর্শক প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিকসের প্রধান বাজার অর্থনীতিবিদ জোনাস গোল্টারম্যানের মতে, এই ঘুরে দাঁড়ানোর বড় অংশই ছিল বাজারের স্বাভাবিক প্রতিক্রিয়া। গত সপ্তাহে ব্যাপক দরপতনের পর শেয়ারের দাম কিছুটা অতিরিক্ত নিচে নেমে গিয়েছিল।

সিএনএনকে তিনি বলেন, সোমবারের এই উত্থানকে ‘ডেড ক্যাট বাউন্স’ বলা যেতে পারে। শেয়ারবাজারের পরিভাষায় এর অর্থ হলো, পতনের ধারার মধ্যে সাময়িকভাবে বাজারের ঘুরে দাঁড়ানো, যার পর আবার দরপতন শুরু হতে পারে।

গোল্টারম্যান আরও বলেন, এটি আর সাধারণ কোনো দরপতনের ঘটনা নয়। গত ৬ অক্টোবরের সাম্প্রতিক সর্বোচ্চ অবস্থান থেকে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১০ শতাংশের বেশি কমে গেছে। সর্বোচ্চ অবস্থান থেকে এত দ্রুত ১০ শতাংশ পতন অস্বাভাবিক। এ পরিস্থিতিতে আরও বড় দরপতনের আশঙ্কাও উড়িয়ে দেয়া যায় না।

সূত্র: Manab Zamin

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন