মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

চবির হলে মাদক সেবনের সময় ৭ শিক্ষার্থী আটক, দুই শিক্ষককে হেনস্তা

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হল থেকে উদ্ধার হওয়া মাদক। সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হল থেকে উদ্ধার হওয়া মাদক।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে মাদক সেবনরত অবস্থায় সাত শিক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়েছে।

পরে অন্য একটি কক্ষে তল্লাশি চালানোর সময় আবাসিক হলের দুই হাউজ টিউটরকে (আবাসিক শিক্ষক) হেনস্তা করেন দুই শিক্ষার্থী।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ফরহাদ হলের সি ব্লকের ৬১২ নম্বর কক্ষে প্রক্টরিয়াল টিম ও হল প্রশাসন মাদকবিরোধী অভিযান চালায়।

হল প্রশাসন ও প্রক্টরিয়াল টিম জানিয়েছে, কক্ষটিতে মোট আটজনকে মাদক সেবনরত অবস্থায় সরাসরি পাওয়া যায়। তাদের মধ্যে একজন অতিথি এবং সাতজন শিক্ষার্থী। শিক্ষার্থীদের মধ্যে একজন অতীশ দীপঙ্কর হলের, একজন অনাবাসিক এবং বাকি পাঁচজন ফরহাদ হলের। এ সময় তাদের কক্ষ তল্লাশি করে গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন উপকরণ পাওয়া গেছে।

পরে একই ব্লকের ১০৪ নম্বর কক্ষে অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়েন অভিযান পরিচালনাকারী শিক্ষকরা। একপর্যায়ে ওই কক্ষের দুই শিক্ষার্থী দুই হাউজ টিউটরকে আঘাত ও ধাক্কা দেন এবং তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনার ভিডিও ফুটেজ প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।

অভিযানে মাদক সেবনে অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন চবির ফার্মেসি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্মিত রেমা, একই শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শাফিউস জামান অয়ন, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের মিনহাজুল ইসলাম, আধুনিক ভাষা ইনস্টিটিউটের শাওন খান, ফিজিক্যাল অ্যাডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ইজনূর সায়মুন এবং সমাজতত্ত্ব বিভাগের ফাহিম আহমেদ শাহিদ ও মো. মাহাবুব রহমান। এ ছাড়া কামরুল ইসলাম নামে ঢাকা থেকে আসা একজন অতিথিও সেখানে ছিলেন।

অন্যদিকে দুই হাউজ টিউটরকে ধাক্কা দেন ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান এবং ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ইবরাজ হাসান মাহমুদ সামি। তবে অভিযুক্ত এই দুই শিক্ষার্থীর দাবি, সংশ্লিষ্ট শিক্ষকদের পরিচয় বুঝতে না পেরে তারা নিজেদের কক্ষে প্রবেশে বাধা দিয়েছিলেন।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক ও শহীদ ফরহাদ হোসেন হলের হাউজ টিউটর বাপ্পারাজ হাওলাদার বলেন, অভিযানের সময় আমিসহ আমাদের এক হাউজ টিউটরকে ওই কক্ষের দুই শিক্ষার্থী ধাক্কা দেয়। এ সময় তারা আমাদের সঙ্গে উগ্র আচরণ করছিল। পরে তারা আমাদের কাছে ক্ষমা চেয়েছে।

জানতে চাইলে ফরহাদ হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. এইচএস ফারুক আলম বলেন, অভিযান চালিয়ে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ আলামত উদ্ধার করা হয়েছে। সরাসরি আমরা তাদের মাদক সেবনরত অবস্থায় পাই। ইতোমধ্যে কক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছে। এ হলে থাকা শিক্ষার্থীদের সিট বাতিল করা হচ্ছে।

অভিযানে থাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, গান-বাজনার নাম করে তারা সেখানে মাদক সেবন করছিল। আমরা ওই কক্ষে আটজনকে মাদক সেবনরত অবস্থায় পাই। কাঁচা গাঁজা, বিয়ারের বোতল, ইলেকট্রনিক সিগারেটসহ মাদকের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। কক্ষের চারটি টেবিলে কোনো বই পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, আমরা বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অথরিটিকে জানাব। ডিসিপ্লিনারি কমিটিতে আমরা এটি রিপোর্ট করব। অন্য একটি কক্ষে অভিযান চালানোর সময় আমাদের হাউজ টিউটরকে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। পরে তারা এ জন্য ক্ষমা চেয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন বলেন, অভিযুক্তদের মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হলের সিট বাতিল করা হবে। এ বিষয়ে হল প্রভোস্ট সিদ্ধান্ত নেবেন। বাকি বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে।

সূত্র: Asia Post

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন