মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

শপথ গ্রহণের দিনই পার্লামেন্ট স্পিকারকে সরানোর পরিকল্পনা নেতানিয়াহু বিরোধীদের

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

নেসেট স্পিকার আমির ওহানা সংগৃহীত
নেসেট স্পিকার আমির ওহানা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী রাজনৈতিক দলগুলো নেসেটের (ইসরায়েলি পার্লামেন্ট) সদস্য হিসেবে শপথ গ্রহণের পরপরই বর্তমান স্পিকার ও লিকুদ পার্টির নেতা আমির ওহানাকে সরানোর পরিকল্পনা করছে।

শনিবার (৩১ অক্টোবর) টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

‘চেঞ্জ ব্লক’ নামে পরিচিত ইয়াশার, বি’ইয়াহাদ, ডেমোক্র্যাটস ও ইসরায়েল বেইতেনু- এই চার দলের সঙ্গে আরব-নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট ও রা’আমের আসন মিলিয়ে নেসেটের ১২০ আসনের মধ্যে তাদের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭। ফলে বর্তমান পদ থেকে ওহানাকে সরানোর মতো সংখ্যাগরিষ্ঠতা তাদের রয়েছে।

চ্যানেল ১২-এর রাজনৈতিক বিশ্লেষক বারাক সেরি শুক্রবার জানান, ওহানাকে সরানোর বিষয়ে ইতিমধ্যে সমঝোতা হয়েছে। তবে তার স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাব্য প্রার্থীর নাম জানাননি তিনি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদকে এ পদে নিয়োগের বিষয়টি বিবেচনা করছে বিরোধী দলগুলো।

শুক্রবার সন্ধ্যায় চ্যানেল ১২-কে দেয়া সাক্ষাৎকারে ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়ার গোলান বলেন, ২৬তম নেসেটের শপথ গ্রহণের পর তাদের প্রথম কাজ হবে নতুন স্পিকার নিয়োগ দেয়া। এরপর নেসেটের কমিটিগুলোর প্রধান নিয়োগ এবং ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হত্যাযজ্ঞের বিষয়ে তদন্তে একটি রাষ্ট্রীয় কমিশন গঠন করা হবে।

নতুন নেসেটের শপথ গ্রহণের দিনই, অর্থাৎ ১০ নভেম্বর নতুন স্পিকার নিয়োগের ভোট হতে পারে। পরবর্তী জোট সরকার গঠনের আলোচনা চললেও এ বিষয়ে পদক্ষেপ নিতে চায় বিরোধীরা। কান নিউজও শুক্রবার জানিয়েছে, স্পিকার ওহানাকে সরাতে দ্রুত পদক্ষেপ নেয়ার পরিকল্পনা রয়েছে বিরোধী জোটের। তবে ইসরায়েল বেইতেনুর নেতা আভিগদর লিবারম্যান এ উদ্যোগে পুরোপুরি একমত নন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কারণ, নেসেটের আরব দলগুলোর সঙ্গে সহযোগিতায় তিনি এখনও অনিচ্ছুক। অথচ স্পিকার পরিবর্তনের জন্য ওই দলগুলোর সমর্থন প্রয়োজন হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, লিবারম্যান যদি প্রস্তাবের পক্ষে ভোট দিতে না চান, তাহলে অন্য দলগুলোর নেতারা তাঁর দলকে ভোটদানে বিরত থাকার অনুরোধ জানাচ্ছেন। তাতেও পার্লামেন্টের পূর্ণাঙ্গ অধিবেশনে বিরোধীরা সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। চ্যানেল ১২-কে গোলান আরও বলেন, লিবারম্যান প্রকাশ্যে আপত্তি জানালেও আরব-নেতৃত্বাধীন দলগুলোর সমর্থনে ‘চেঞ্জ ব্লক’ পরবর্তী সরকার গঠন করতে পারবে বলে তিনি আশাবাদী।

তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর লিকুদ পার্টিকে অন্তর্ভুক্ত করে কোনো ঐক্য সরকার গঠনের ধারণা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন গোলান। তিনি বলেন, ‘একেবারেই নয়। সেটি হবে আরেকটি নেতানিয়াহু সরকার… তিনি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।’ গোলানের যুক্তি, ১২০ আসনের নেসেটে বিরোধী দলগুলো মাত্র ৪৮টি আসন পেলেও তারা সরকার গঠন করতে পারবে এবং তাদের তা করতেই হবে। রা’আমকে সঙ্গে নিলে এ সংখ্যা দাঁড়াবে ৫৬। আর জয়েন্ট লিস্টের হাতে রয়েছে আরও ১১টি আসন।

গোলান জানান, বৃহস্পতিবার তিনি ইয়াশার নেতা গাদি আইজেনকোট, বি’ইয়াহাদের দ্বিতীয় শীর্ষ নেতা ইয়ার লাপিদ এবং রা’আমের প্রধান মানসুর আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেন, ‘আমি তাদের তিনজনকেই সরকার গঠনের বিষয়ে গভীরভাবে দৃঢ়প্রতিজ্ঞ পেয়েছি।’

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন