মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

সাংস্কৃতিক কূটনীতিতে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও গভীর হচ্ছে

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সংগৃহীত
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের সৃজনশীল অর্থনীতির প্রসারে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাশমোলিয়ান মিউজিয়াম পরিদর্শন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (৩০ অক্টোবর) জাদুঘর কর্তৃপক্ষের আমন্ত্রণে তিনি এ পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বাংলাদেশি শিল্পী সোমা সুরভী জান্নাতের একক প্রদর্শনী ‘ক্লাইমেট, কালচার, কেয়ার’ ঘুরে দেখেন। উল্লেখ্য, যুক্তরাজ্যের কোনো জাদুঘরে বাংলাদেশভিত্তিক কোনো শিল্পীর এটিই প্রথম একক প্রদর্শনী। প্রদর্শনীতে শিল্পী সুরভীর কাজের গভীরতা, সূক্ষ্মতা ও সৃজনশীলতা প্রতিমন্ত্রীকে বিশেষভাবে মুগ্ধ করে। পরে তিনি কিউরেটর দলের সঙ্গে জাদুঘরের নির্বাচিত কয়েকটি সংগ্রহ পরিদর্শন করেন।

এরপর প্রতিমন্ত্রী অ্যাশমোলিয়ান মিউজিয়ামের কিউরেটর ও কিপার অব ইস্টার্ন আর্ট ড. মল্লিকা কুম্বেরা ল্যান্ডরাসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব, সাংস্কৃতিক বিনিময়, বাংলাদেশি শিল্পীদের সহায়তা এবং দেশের সৃজনশীল অর্থনীতির বিকাশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

এই সফর বাংলাদেশের সমসাময়িক শিল্পকলার ক্রমবর্ধমান আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিফলন। একই সঙ্গে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, সমাজের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ক জোরদারে পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে সাংস্কৃতিক কূটনীতিকে কাজে লাগানোর সরকারি উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে।

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন