মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

কাগজপত্র ছাড়াই কুষ্টিয়ায় যাচ্ছিল ৪২০ বস্তা সার, আটকে দিলেন স্থানীয়রা

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

কাগজপত্র ছাড়াই কুষ্টিয়ায় যাচ্ছিল ৪২০ বস্তা সার, আটকে দিলেন স্থানীয়রা
কাগজপত্র ছাড়াই কুষ্টিয়ায় যাচ্ছিল ৪২০ বস্তা সার, আটকে দিলেন স্থানীয়রা

ঝিনাইদহে বৈধ কাগজপত্র ছাড়াই পরিবহনের অভিযোগে ৪২০ বস্তা টিএসপি সারবোঝাই একটি ট্রাক আটক করেছেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ ট্রাকটি নিজেদের হেফাজতে নেয়।

তবে এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ক্যাডেট কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ট্রাকটিতে ৪২০ বস্তা টিএসপি সার বোঝাই করে কুষ্টিয়ার উদ্দেশে নেওয়া হচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে স্থানীয় লোকজন ট্রাকটি থামিয়ে চালকের কাছে মালামাল পরিবহনের কাগজপত্র দেখতে চান। এ সময় ট্রাকে সার রয়েছে বলে জানানো হলেও সেগুলো পরিবহনের স্বপক্ষে কোনো মেমো বা চালান দেখাতে পারেননি চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পরে স্থানীয়রা ট্রাকটি আটকে রেখে জেলা ট্রাক-লরি-ট্রাক্টর ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাদের পাশাপাশি রাজনৈতিক নেতাদের খবর দেন। তারা ঘটনাস্থলে পৌঁছে সারের বৈধ কাগজপত্র দেখতে চান। কিন্তু সংশ্লিষ্টরা কোনো কাগজপত্র দেখাতে না পারায় সদর থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি নিজেদের হেফাজতে নেয়।

ঘটনাস্থলে উপস্থিত ঝিনাইদহ জেলা যুবদলের নেতা সাজ্জাদুল হক মিলন বলেন, স্থানীয়রা সার পাচারের গোপন সংবাদ পেয়ে ক্যাডেট কলেজের সামনে ট্রাকটি আটক করে তাদের খবর দেন। তারা ঘটনাস্থলে গিয়ে সারের কাগজপত্র দেখতে চাইলে চালক তা দেখাতে পারেননি। পরে পুলিশকে খবর দেওয়া হলে ট্রাকটি তাদের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, কিছু অসাধু ব্যক্তি সারের কৃত্রিম সংকট তৈরি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। সার পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান রাত ১১টা ৩৫ মিনিটে বলেন, ট্রাকটি কোন দিক থেকে এসেছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানতে পারেননি। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন বলেন, ট্রাকে থাকা সারের কাগজপত্র যাচাইয়ের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কৃষি কর্মকর্তাকে বলা হয়েছে। যাচাই-বাছাই শেষে সারগুলো অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল বলে প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: Asia Post

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন