মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রী নিহত

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

নিহত সোমাইয়া আক্তার। ছবি: সংগৃহীত
নিহত সোমাইয়া আক্তার।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোমাইয়া আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

সোমবার সকালে নবীনগর পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশার আরও তিন থেকে চারজন যাত্রী আহত হয়েছেন।

নিহত সোমাইয়া নবীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার রোয়াচালা দক্ষিণপাড়ার বাসিন্দা আমির হোসেনের মেয়ে। পড়াশোনার সুবাদে নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামে নানা জাহাঙ্গীর আলমের বাড়িতে থেকে কলেজে যাতায়াত করতেন তিনি। তার নানা জাহাঙ্গীর আলম রসুল্লাবাদ ইউনিয়নে ইসলামী ব্যাংকের একটি এটিএম বুথে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে সোমাইয়া অটোরিকশায় করে রসুল্লাবাদ থেকে নবীনগর সরকারি কলেজে যাচ্ছিলেন। অটোরিকশাটি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সড়কের পশ্চিম পাশ থেকে একটি মোটরসাইকেল হঠাৎ আড়াআড়িভাবে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলটির সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা সোমাইয়া গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় অটোরিকশার আরও তিন থেকে চারজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে শ্রীরামপুর গ্রামের দুই শিক্ষার্থী ইভা ও মিথিলাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নবীনগর সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কামরুল হাসান জানান, সোমাইয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় গুরুতর আঘাত ছিল এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এ কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কান্তি নাথ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোটরসাইকেল ও অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে মোটরসাইকেল চালককে পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সড়ক দুর্ঘটনায় মেয়েটির মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন