মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

বোরকা পেঁচিয়ে ভ্যান থেকে ছিটকে পড়লেন মা, অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফাইল ছবি
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যাটারিচালিত চলন্ত ভ্যানের চাকায় মায়ের বোরকা পেঁচিয়ে যাওয়ায় ভ্যান থেকে সড়কে ছিটকে পড়েন মা ও তার কোলের শিশু।

এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি অটোরিকশা শিশুটিকে চাপা দেয়। পরে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

সোমবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার কুরপালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রিফাত মিয়া। তার বয়স এক মাস ১০ দিন। সে বরিশালের আগৈলঝাড়া উপজেলার আমবৌলা গ্রামের মোস্তাফিজ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও শিশুটির পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, সোমবার দুপুরে রিফাতের মা রিয়া মনি সন্তানকে নিয়ে স্বামীর বাড়ি থেকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সেখানে চিকিৎসাসেবা নেওয়ার পর ব্যাটারিচালিত ভ্যানে করে উপজেলার পূর্ণবতী গ্রামে বাবার বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।

পথে কুরপালা এলাকায় পৌঁছালে মায়ের কোলে থাকা শিশুটি নড়াচড়া করতে থাকে। এ সময় সন্তানকে দেখার জন্য ওড়না সরাতে গিয়ে এক হাতে বোরকা ধরে রাখেন রিয়া মনি। একপর্যায়ে তার হাত থেকে বোরকা ফসকে গিয়ে ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এতে চলন্ত ভ্যান থেকে সড়কে ছিটকে পড়েন তিনি। একই সঙ্গে তার কোল থেকে শিশুটিও সড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি অটোরিকশা শিশুটির ওপর দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হয় শিশুটি।

পরে দ্রুত শিশুটিকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস বলেন, দুর্ঘটনার শিকার শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে নিয়ে চলে যান।

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন