মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

গাজায় ইসরাইলি হামলায় বাবা ও শিশুসহ আট ফিলিস্তিনি নিহত

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

গাজায় ইসরাইলি হামলায় বাবা ও শিশুসহ আট ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরাইলি হামলায় বাবা ও শিশুসহ আট ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরাইলি হামলায় বাবা ও তার ১৩ বছর বয়সী ছেলেসহ অন্তত আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মঙ্গলবার গাজা সিটির দারাজ এলাকায় ঘুবাইন পরিবারের বাড়িতে ইসরাইলি বিমান হামলায় তিনজন নিহত হন। সিটির জেইতুন পাড়ায় একটি তাঁবুতে পৃথক বিমান হামলায় বাবা ও ছেলে নিহত হন। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনূস শহরে ইসরাইলি গুলিতে এক ব্যক্তি নিহত হন। খবর আল জাজিরা, রয়টার্স।

ফিলিস্তিনি সংবাদমাধ্যম ওয়াফা জানায়, মঙ্গলবার গাজা সিটির সাবরা পাড়ায় ইসরাইলি বিমান হামলায় আরও দুইজন নিহত হন। গত বছরের যুদ্ধবিরতির পরও গাজায় ইসরাইলের নিয়মিত হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তির পর থেকে অবরুদ্ধ এই উপত্যকায় ইসরাইল ১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। মন্ত্রণালয় আরও জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৭৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, সপ্তাহান্তে মৌসুমের প্রথম শক্তিশালী ঝড়ে ১২ ঘণ্টার মধ্যে প্রায় ৭০ হাজার তাঁবু প্লাবিত হয়েছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং প্রায় ৩০ লাখ ডলার বা ৩৭ কোটি ১৯ লাখ ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরাইল ৬০ হাজার মোবাইল হোম এবং ২ লাখ তাঁবু প্রবেশে বাধা দিচ্ছে। তারা গাজায় কেবল ২০ হাজার তাঁবু প্রবেশের অনুমতি দিয়েছে। যুদ্ধের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইসরাইল অতি প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রবেশেও বাধা দিচ্ছে।

এদিকে হামাসকে নিরস্ত্রীকরণ বা গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের শর্ত নিয়ে আলোচকরা একমত হতে ব্যর্থ হয়েছেন। ইসরাইল গাজার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা নিয়ন্ত্রণ করছে এবং সেসব এলাকা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সূত্র: Manab Zamin

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন