মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

নড়াইলে সাবেক এমপিসহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের ২৫টি বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগ

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

নড়াইলে সাবেক এমপিসহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের ২৫টি বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগ
নড়াইলে সাবেক এমপিসহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের ২৫টি বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগ

নড়াইলের কালিয়া উপজেলায় সাবেক এমপিসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থকদের অন্তত ২৫টি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

উপজেলার বেন্দারচর, নয়নপুর, বড়কালিয়া ও ঘোষপাড়াসহ বিভিন্ন গ্রামে গতকাল শুক্রবার বিকাল ৩টা থেকে রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে।

শনিবার সকালে কালিয়ার বেন্দারচর গ্রামে সরজমিনে দেখা যায়, অধিকাংশ বাড়িতে কোনো মানুষ নেই। একইভাবে উপজেলার নয়নপুর গ্রামের মুক্তিযোদ্ধা কমান্ডার মন্নু শেখ, জুলফিকার ও রাসেলের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান শামিমুর রহমানের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান এবং আনিস চৌধুরীর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে।

যদিও কালিয়া থানার ওসি ইদ্রিস আলীর ভাষ্য, পরিস্থিতি স্বাভাবিক। লোকজন নেই এমন তথ্যকে নাকচ করেন তিনি।

এদিকে স্থানীয়দের অভিযোগ, শুক্রবার বিকাল ৩টার পর থেকে হঠাৎ করে কালিয়া উপজেলার বেন্দাচর গ্রামসহ বিভিন্ন এলাকায় লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা শুরু হয়। চলে রাত পর্যন্ত। এ সময় নড়াইল-১ আসনের সাবেক সাংসদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা বিএম কবিরুল হক মুক্তি’র বেন্দাচরের গ্রামের বাড়ি, কালিয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মুশফিকুর রহমান লিটনের বেন্দারচরের ২টি বাড়ি এবং কালিয়া উপজেলা সদরের বাড়িতে লুটপাট ও পুড়িয়ে দেয়া হয়েছে।

অন্যদিকে কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বড়কালিয়া গ্রামের বাড়ি, আওয়ামী লীগ নেতা বিপ্লবের বাড়ি লুটপাট ও পুড়িয়ে দেয়া হয়েছে। কালিয়া বাজারের সঞ্জয় সাহার রড সিমেন্টের দোকান হতে নগদ টাকা ও মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। তবে এসব লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ সম্পর্কে বিস্তারিত জানার জন্য এলাকায় তেমন কাউকে পাওয়া যায়নি।

কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির শনিবার গণমাধ্যমকে বলেন, ‘শুক্রবার বেলা ৪টার দিকে তারা গ্রামের বেশকিছু বাড়িতে আগুন লাগার খবর পাই। তবে গ্রামটিতে যাওয়ার পথে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে রাখায় বাধার মুখে পড়ি। সেসব সরিয়ে রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।’ ততক্ষণে আগুন অনেকটাই নিভে গিয়েছিল বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গ্রামটির অন্তত ২০-২৫ বাড়ি আগুনে পুড়ে গেছে।’

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয়ে একটি বিবৃতি দেয়া হবে। সেখানে বিস্তারিত জানানো হবে।’

কালিয়া থানার ওসি ইদ্রিস আলী মানবজমিনকে বলেন, ‘যেভাবে বলা হচ্ছে ভাঙচুরের কথা আসলে তা নয়। নিহত দুই বিএনপি নেতাদের কবর জিয়ারত শেষে বিকাল সাড়ে ৫টার পরপর বিক্ষুব্ধ কিছু লোকজন ৪-৫ টা বাড়িতে আগুন ও ভাঙচুর চালিয়েছে। এলাকার অবস্থা এখন স্বাভাবিক। তবে এ নিয়ে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর সন্ধ্যার পরে নড়াইলের কালিয়া উপজেলা যুবদল-ছাত্রদল কর্তৃক আয়োজিত মোটরসাইকেল মিছিলে আওয়ামী লীগের অতর্কিত হামলায় গুরুতর আহত হন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা। তাদের চিকিৎসার জন্য খুলনা নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

সূত্র: Manab Zamin

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন