মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরছেন নাহিদ রানা

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরছেন নাহিদ রানা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরছেন নাহিদ রানা

দীর্ঘদিনের চোটের ধকল কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে আবারো জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে এই গতিতারকাকে। অস্ট্রেলিয়ায় পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে চিকিৎসকদের কাছ থেকে খেলার ছাড়পত্র পেয়েছেন তিনি। এ সংবাদ দিয়েছে জনপ্রিয় ক্রিকেটিভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

কাঁধের চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে নাহিদ খেলতে পারছেন না। তবে অস্ট্রেলিয়ায় চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরে শারীরিক সক্ষমতা পরীক্ষায় সন্তোষজনক ফল পেয়েছেন এই পেসার। বর্তমানে তিনি পূর্ণ শক্তিতে বোলিংও করছেন। ক্রিকবাজের তথ্যমতে, বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসকদের সঙ্গে দেখা করে নিজের সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানান নাহিদ। অস্ট্রেলিয়ার চিকিৎসকদের দেয়া প্রতিবেদন পর্যালোচনার পর ওয়ানডে সিরিজে খেলার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত এসেছে।

ক্রিকবাজকে বিসিবির একটি সূত্র বলে, ‘তিনি বিসিবির চিকিৎসকদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। অস্ট্রেলিয়ার চিকিৎসকদের দেয়া প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নেওয়ার জন্য তাকে ছাড়পত্র দেয়া হয়েছে।’

গত কয়েক মাসে একের পর এক চোটে বেশ কঠিন সময় পার করতে হয়েছে ২৪ বছর বয়সী নাহিদকে। জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে গ্রেড-২ সাইড স্ট্রেইনে আক্রান্ত হন তিনি। সেই চোটের কারণে অস্ট্রেলিয়া সফর, এশিয়ান গেমস এবং আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলা হয়নি তার। পুনর্বাসন চলাকালে নতুন করে চোটে পড়ায় সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ থেকেও ছিটকে যান। পরে কাঁধের চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও খেলা হয়নি তার।

এর আগে বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানান, নাহিদকে নিয়ে কোনো ধরনের তাড়াহুড়া করতে চায় না বোর্ড। তার পূর্ণ সুস্থতাকেই সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। জানা গেছে, নাহিদের অগ্রগতি পর্যবেক্ষণে বিসিবির চিকিৎসক দল ২৪শে নভেম্বর পর্যন্ত একটি পরিকল্পনা নির্ধারণ করেছে। এরপর তার অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ৯ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টেস্টের পর তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুদল। সবকিছু পরিকল্পনামতো এগোলে ওয়ানডে সিরিজেই ফিরতে পারেন ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করতে সক্ষম এই পেসার। তার প্রত্যাবর্তন বাংলাদেশের পেস আক্রমণে নতুন মাত্রা যোগ করতে পারে।

সূত্র: Manab Zamin

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন