মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

শিল্পাঞ্চল আবার অশান্ত, ৬৪০ কারখানায় ছুটি

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

শিল্পাঞ্চল আবার অশান্ত, ৬৪০ কারখানায় ছুটি
শিল্পাঞ্চল আবার অশান্ত, ৬৪০ কারখানায় ছুটি

সমকাল: দৈনিক সমকালের প্রথম পাতার খবর ‘শিল্পাঞ্চল আবার অশান্ত, ৬৪০ কারখানায় ছুটি’।

প্রতিবেদনে বলা হয়, মজুরি বৃদ্ধির দাবিতে দুই সপ্তাহ ধরে চলা পোশাক শ্রমিকদের অসন্তোষ আবার ছড়িয়ে পড়েছে শিল্পাঞ্চলে। গতকাল মঙ্গলবার গাজীপুর রণক্ষেত্রে পরিণত হয়। এ ছাড়া সাভার-আশুলিয়া, টঙ্গী ও রাজধানীর মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ রয়েছে ৬৪০টি পোশাক কারখানা, যা গত ৩১ অক্টোবর আন্দোলন শুরুর পর সর্বোচ্চ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এর মধ্যে ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর এবং আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাব, হা-মীম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকায় গতকাল ২০ প্লাটুন বিজিবি মোতায়েন ছিল।

শ্রমিকরা কাজ করতে রাজি না হওয়া ও বিক্ষোভের কারণে গতকাল পর্যন্ত বন্ধ কারখানার সংখ্যা বেড়ে ৬৪০টিতে দাঁড়িয়েছে। এর মধ্যে শ্রম আইনের ১৩/১ ধারায় ১১৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। শ্রমিকরা স্বাভাবিক উৎপাদন কার্যক্রমে যোগ না দিলে এই ধারায় কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ।

গত শনিবার অনুষ্ঠিত তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ ও এই খাতের নিট ক্যাটেগরির পণ্য উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিকেএমইএর যৌথ জরুরি সভায় সিদ্ধান্তটি নেওয়া হয়। এই ধারায় কারখানা বন্ধ থাকার অর্থ হচ্ছে, শ্রমিকরা কাজ করতে না চাইলে যতদিন কারখানা বন্ধ থাকবে, ততদিনের মজুরি পাবেন না তারা।

পোশাক খাতে মজুরি পুনর্নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত হওয়া সভাটি আগামী সোমবার অনুষ্ঠিত হবে। গত সোমবার বৈঠকটি হওয়ার কথা ছিল। শ্রমিকপক্ষের প্রতিনিধি আনোয়ার হোসেন অসুস্থ হওয়ায় সভাটি স্থগিত করতে হয়েছে।

এদিকে শ্রমিক অসন্তোষ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেছেন, মজুরি আগে কিংবা পরে যখনই ঘোষণা করা হোক না কেন তা বাস্তবায়ন হবে ডিসেম্বর মাস থেকেই।

পুলিশের মুখপাত্র এআইজি কামারুম মুনিরা সমকালকে বলেন, গার্মেন্টস শিল্প এলাকায় বিরাজমান পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে ধৈর্য ধারণের মাধ্যমে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে গার্মেন্টস মালিক, শ্রমিক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে একটি মনিটরিং সেলও কাজ করছে। ইতোমধ্যে মজুরি বোর্ড গঠিত হয়েছে। তিনি বলেন, ‘শিল্পকারখানা বা কারও ব্যক্তিগত সম্পদের ক্ষতিসাধন বা ভাঙচুর থেকে বিরত থেকে শিল্প এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার জন্য আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’

চলতি মাসের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন মজুরি ঘোষণা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘পয়লা নভেম্বর মজুরি বোর্ড গঠন হয়ে গেছে। সেই বোর্ডকে কাজ করতে দিতে হবে। এই মাসের মধ্যেই নতুন মজুরি ঘোষণা করতে হবে। আমার যদি ক্ষমতা থাকত, আমি কালকে ঘোষণা করে দিতাম, কিন্তু আমার তো প্রক্রিয়াটা অনুসরণ করতে হবে।’

মজুরি বাড়ানোর দাবিতে দুই সপ্তাহ ধরে পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ চলছে। হাজিরা দিয়ে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে যাচ্ছেন। সড়কে বিক্ষোভ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন তারা। এ পরিপ্রেক্ষিতে ১ নভেম্বর মজুরি পুনর্নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। এর মধ্যে দুটি বৈঠক হয়েছে বোর্ডের। ৪ নভেম্বর অনুষ্ঠিত প্রথম বৈঠকে শ্রমিক পক্ষের প্রতিনিধির দাবি মেনে ডিসেম্বর মাস থেকে নতুন মজুরি কাঠামো বাস্তবায়নে সম্মত হয় বোর্ড। শ্রমিকদের দাবি মেনে নিলেও শ্রমিক অসন্তোষ বন্ধ হয়নি।

সংঘর্ষে রণক্ষেত্র গাজীপুর

গাজীপুরের ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, ভবানীপুর, বাঘের বাজার, শ্রীপুরের সিঅ্যান্ডবি বাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ি, মাওনা চৌরাস্তা ও কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ মোড়ে গতকাল সকাল থেকে দফায় দফায় পুলিশের সঙ্গে শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে কয়েকটি এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। অচল হয়ে পড়ে গাজীপুর শিল্পাঞ্চল।

এদিকে বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডের আঘাতে আহত হয়েছেন দৈনিক কালবেলার মাল্টিমিডিয়া রিপোর্টার মামুন হোসাইন। পরিস্থিতি বিবেচনায় বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় লাঠিসোটা নিয়ে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। একই সময়ে চান্দনা চৌরাস্তা এলাকায় শ্রমিকদের আরেকটি দল বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে অবস্থান করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছয়দানা কলম্বিয়া এলাকাতেও বিভিন্ন কারখানার শ্রমিকরা জড়ো হয়ে সড়ক অবরোধ করেন।

পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে জয়দেবপুর ও নাওজোড় এলাকায় অবস্থান নেওয়া শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ। তবে ভোগড়া বাইপাসসহ কয়েকটি এলাকায় বিক্ষোভ ও অবরোধ চলতে থাকে।

দুপুরের পর শ্রমিকরা ভবানীপুর, বাঘের বাজার, সিএন্ডবি বাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ি ও মাওনা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসব এলাকাতেও পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ লাঠিপেটা করে বলে শ্রমিকরা অভিযোগ করেছেন। সন্ধ্যা ৬টার দিকে শ্রমিকরা মহাসড়ক ছাড়েন। এর আগে টানা ৫ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ ছিল।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে। তবে কয়েটি ছোড়া হয়েছে সে হিসাব দিতে বিলম্ব হবে।

মিরপুরে সড়ক অবরোধ

কিছু দিন শান্ত থাকার পর গতকাল রাজধানীর মিরপুর এলাকায় আবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। সকাল ৯টার দিকে তারা মিরপুরের বিভিন্ন সড়কে অবস্থান নিলে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অফিস সময়ে সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে মিরপুর ১১ নম্বর, মিরপুর ১ নম্বরসহ আশপাশ সড়কে পোশাক শ্রমিকরা জড়ো হয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। পুলিশের অনুরোধে কয়েকটি রাস্তা থেকে বিক্ষোভকারীরা সরে যায়। তবে সনি হলের সামনে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আরেকটি গ্রুপ মিরপুর-১০ গোলচত্বরে অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করে। এতে পুলিশ বাধা দিলে শ্রমিকরা ইটপাটকেল ছুড়তে থাকেন। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

উত্তপ্ত সাভার-আশুলিয়া

টানা দুদিন শান্ত থাকার পর গতকাল আবার উত্তপ্ত হয়ে ওঠে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিতের প্রতিবাদে গতকাল সকাল থেকে আশুলিয়ার খেজুরবাগান, হেমায়েতপুর বাগবাড়ী ও পদ্মার মোড়সহ কয়েকটি স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভের চেষ্টা করেন পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক দফায় কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

পুলিশ, শ্রমিক ও কারখানা সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় ও বাগবাড়ি এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় স্ট্যান্ডার্ড গ্রুপের সামস স্টাইলিং, দ্য সিভিল ইঞ্জিনিয়ার ও দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স ওভেন কারখানার শ্রমিকদের বিক্ষোভে অংশ নিতে দেখা যায়। একপর্যায়ে তারা সড়কে টায়ার ও বর্জ্য ফেলে আগুন জ্বালানোর পাশাপাশি হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন।

এ সময় পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। তবে শ্রমিকরা বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে কয়েক দফায় আবার সড়কে জড়ো হওয়ার চেষ্টা করেন। এতে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এদিকে সকাল সাড়ে ৮টার পর আশুলিয়ার খেজুরবাগান এলাকাতেও শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেন। সেখানেও কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ ছাড়া হেমায়েতপুরের আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ দিলেও কর্মবিরতি পালন করেন।সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া এলাকায় বেলা ১১টার দিকে সড়ক অবরোধ করেন আন্দোলনকারী শ্রমিকরা।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, কিছু শ্রমিক হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। কিছু শ্রমিক কারখানায় প্রবেশ করে হাজিরা দিয়ে বাসায় চলে যান। অন্যরা বিভিন্ন স্থানে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

টঙ্গীতে শ্রমিক বিক্ষোভ

গাজীপুরা ও এরশাদ নগর এলাকায় গতকাল দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দফা ধাওয়া ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। এতে মহাসড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা। সংঘাত ও বিশৃঙ্খলার আশঙ্কায় একই সময়ে টঙ্গী‌তে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরিস্থিতি মোকাবিলায় শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার ও তল্লাশিচৌকি বসানো হয়।

চলতি মাসে নতুন মজুরি ঘোষণা করতে হবে

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, ‘আমরা যেটা বলার চেষ্টা করছি, পয়লা নভেম্বরের আগে এই মজুরি নিয়ে যে আন্দোলন, সেটাকে এক ধরনের যৌক্তিকতা দেওয়া গেলেও এরপর আন্দোলনের নামে ভাঙচুর, অরাজকতা সৃষ্টি করা, আমি বলব যে, ৯৫ শতাংশ শ্রমিক ভাই-বোন কাজ করতে চান, তাদের যারা জোর করে ফ্যাক্টরি থেকে বের করে নিয়ে যাচ্ছেন, তাদের ভিন্ন উদ্দেশ্য আছে।’

গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত ‘গার্মেন্টস শ্রমিকদের জীবনযাপন উপযোগী মজুরি নিশ্চিতকরণ এবং শিল্প ও জাতীয় স্বার্থে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, চলতি মাসে নতুন মজুরি ঘোষণা করতে হবে।বাংলাদেশ সংবাদ পরিষেবা

মজুরি বোর্ডে প্রতিনিধি প্রসঙ্গে মাহমুদ হাসান খান বলেন, ‘আমি একজন প্রতিনিধি দিয়েছি, সেটা বিজিএমইএর প্রতিনিধি না। সেটা হলো পোশাকশিল্পের প্রতিনিধি। এখন মজুরি বোর্ডের মিটিং স্থগিত হয়ে যাওয়ার দায় যদি আমাদের ওপর চাপানো হয়, আমরা মনে করি, সেটা সঠিক হবে না।’

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক এম এম আকাশ। অন্যদের মধ্যে বক্তব্য দেন এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে এহসান শামীম, শ্রম কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, শ্রমিকনেতা আবুল হোসেন, তৌহিদুর রহমান ও নাজমা আক্তার। সংগঠনের সভাপতি মো. হাফিজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন কাজী রুহুল আমিন।

প্রথম আলো

‘সেতু ২৫৬, ব্যয় ৮,৮৮৮ কোটি টাকা, প্রশ্ন প্রয়োজনীয়তা নিয়ে’—এটি দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম। খবরে বলা হয়, সংসদ সদস্যরা নিজের নির্বাচনী আসনে সেতু চান। তাঁদের চাওয়ায় ২৫৬টি সেতু নির্মাণের প্রকল্প নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এতে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি টাকা।

‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ শিরোনামের প্রকল্পটি আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। প্রকল্পটি ২০২৩ সালের। এটির ব্যয় ও সেতুর সংখ্যা বাড়িয়ে অনুমোদন চাইছে এলজিইডি।

স্থানীয় সরকার মন্ত্রণালয় বলছে, এসব সেতু নির্মাণ করা হলে দেশের সার্বিক যোগাযোগব্যবস্থার উন্নয়ন হবে। তবে প্রশ্ন উঠছে যে সেতুগুলোর মধ্যে কটি এখনই নির্মাণ করা জরুরি? কোন এলাকায় নির্মাণ করা হলে বেশিসংখ্যক মানুষ সুফল পাবে? সেতু নির্মাণের ক্ষেত্রে কোনো এলাকাকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে বৈষম্য তৈরি করা হচ্ছে কি না?

বর্তমান অর্থনৈতিক সংকটের মধ্যে এত টাকা সরকার কোথায় পাবে, সে প্রশ্নও রয়েছে। কারণ ঋণে নয়, সরকারের নিজের টাকায় সেতুগুলো নির্মাণের কথা বলা হয়েছে প্রকল্পে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, ১০০ মিটারের বেশি দৈর্ঘ্যের সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাই করতে হয়। তবে নতুন প্রকল্পে থাকা ১০০ মিটারের বেশি দৈর্ঘ্যের ৯৮টি সেতুর সম্ভাব্যতা যাচাই সমীক্ষা করা হয়নি। তার আগেই প্রকল্পে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অতীত অভিজ্ঞতা বলছে, যেনতেনভাবে প্রকল্প নেওয়ার পর দেখা যায়, সেতু নির্মাণের ব্যয় অনেক বেড়ে গেছে।

নিয়ম না মেনে সেতু নির্মাণের ফলে নদীর ক্ষতি হয়। নিচু সেতু নির্মাণের কারণে নৌ চলাচল বিঘ্নিত হয়। পরিকল্পনা কমিশনও সে কথা বলছে।

কমিশনের সচিব কবির আহামদ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘বিগত সময়ের সেতু নির্মাণের অভিজ্ঞতা সুখকর নয়। অতীত অভিজ্ঞতা থেকে আমরা এলজিইডিকে অনুশাসন দিয়েছি, এসব সেতু নির্মাণে কিছুতেই নদীর স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত করা যাবে না। এ বিষয়ে তাদের নজরদারিতে রাখা হবে।’

সংসদ সদস্যরা সেতু চান

জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়ে সরকার গঠন করে বিএনপি।

সূত্র বলছে, নতুন সরকারের সংসদ সদস্যরা তাঁদের নিজের নির্বাচনী আসনে সেতু করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় ও এলজিইডির সঙ্গে যোগাযোগ করছেন। সংসদ সদস্যদের অনুরোধ এত বেশি যে একটি প্রকল্প দিয়ে সেতু নির্মাণ শেষ হবে না। আরও একটি নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশে নিজের নির্বাচনী এলাকায় সেতু, সড়কসহ বিভিন্ন অবকাঠামোর কাজ করানোর ক্ষেত্রে সংসদ সদস্যদের আগ্রহ নতুন নয়। নির্বাচনী এলাকায় কত কাজ করাতে পেরেছেন, তার ওপর সংসদ সদস্যদের জনপ্রিয়তা অনেক ক্ষেত্রে নির্ভর করে। এ কারণে সংসদ সদস্যরা সেতু-সড়কের জন্য নিয়মিত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানাতে থাকেন।

অভিযোগ রয়েছে, এলজিইডি সুযোগটি নেয়। তারা সংসদ সদস্যদের ইচ্ছেপূরণে যেনতেনভাবে প্রকল্প তৈরি করে অনুমোদন করায়। পরিকল্পনা কমিশন ঠিকমতো যাচাই–বাছাই করে না। পরে দেখা যায়, সেতু হয়েছে, সড়ক হয়নি। আবার সেতু এত ছোট করে নির্মাণ করা হয় যে নদী মরে যায়। অন্যদিকে নিচু করে নির্মাণ করে নৌপথ শেষ করে ফেলা হয়। অন্যদিকে এলজিইডির বিরুদ্ধের দুর্নীতির অভিযোগ অনেক।

২০০৮ সালের ১৮ মে প্রথম আলোতে ‘কাজে না আসা’ সেতু নিয়ে একটি বিশেষ আয়োজন (চার পাতা মলাট) প্রকাশ করে। তাতে উঠে আসে, দেশের ৬২টি জেলায় ২ হাজার ৭২৮টি সেতু রয়েছে, যেগুলোর সঙ্গে সংযোগ সড়ক নেই। এর বাইরে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) ৬০-৭০টি সেতু ৫ থেকে ১০ বছর ধরে নির্মাণাধীন। প্রথম আলোর প্রতিবেদনে সারা দেশ থেকে তথ্য নিয়ে দেখানো হয়েছিল, ওই সব সেতুর বড় অংশ রাজনৈতিক চাপে নির্মাণ করা হয়; কিন্তু সংযোগ সড়ক নির্মাণে বরাদ্দ ছিল না।

প্রথম আলো গতকাল ‘নদীর দুঃখ সেতু’ শিরোনামে একটি বিশেষ আয়োজন (চার পাতা মলাট) প্রকাশ করে। তাতে বলা হয়, দেশের ২৬টি জেলায় ৮০টি নদী ও খালে ২৯০টি ক্ষতিকর সেতু ও কালভার্ট রয়েছে। ছোট ও নিচু সেতু নির্মাণ করে নদী মেরে ফেলছে এলজিইডি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সওজসহ বিভিন্ন সরকারি সংস্থা।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টের অধ্যাপক এ কে এম সাইফুল ইসলামকে উদ্ধৃত করে প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, এসব সেতু নদীর মৃত্যুর কারণ এবং নিচু সেতুর কারণে নৌপথ বন্ধ হয়ে যায়।

যেনতেনভাবে প্রকল্প আবার

১০০ মিটারের বেশি দৈর্ঘ্যের সেতু নির্মাণ করার আগে কী কী করা বাধ্যতামূলক, তার সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে। নির্দেশনা অনুযায়ী, সেতু নির্মাণের আগে অবশ্যই পানিপ্রবাহ, পরিবেশগত অবস্থা, নৌ চলাচল ও আর্থসামাজিক অবস্থা জানার জন্য একটি বিস্তারিত সমীক্ষা করতে হবে। সেতুটি কতটা কাজে লাগবে, কত মানুষ সুফল পাবে ইত্যাদিও উঠে আসে সমীক্ষায়।

সমীক্ষা প্রতিবেদনের ওপর ভিত্তি করে তবেই সেতুর নকশা ঠিক করে তারপর ব্যয় নির্ধারণ করতে হবে; কিন্তু তা মানা হয় না। যেমন ২০১৭ সালে অনুমোদন পাওয়া একই ধরনের একটি প্রকল্পে জটিলতায় পড়েছিল এলজিইডি। ওই প্রকল্পে ১৩০টি সেতুর মধ্যে ৯৪টির দৈর্ঘ্য ও ব্যয় ঠিক করা হয়েছিল অনুমানের ওপর ভর করে। সে অবস্থায় প্রকল্পটি একনেক অনুমোদন দেয়। পরে সেতু নির্মাণ করতে গিয়ে এলজিইডি দেখতে পায়, প্রাক্কলিত দৈর্ঘ্য ও ব্যয় মিলছে না। ফলে ৩ হাজার ৯২৬ কোটি টাকার প্রকল্পটির ব্যয় বাড়িয়ে পরে ৬ হাজার ৪৫৭ কোটি টাকা করা হয়।

যুগান্তর

দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম ‘টুঙ্গিপাড়া থানায় আগুন’। প্রতিবেদনে বলা হয়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ও স্থানীয় সংসদ-সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েক নেতাকর্মীকে গ্রেফতারের খবর প্রকাশের পর মসজিদে মাইকিং করে প্রথমে লোক জড়ো করা হয়। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাণ্ডব চালায় তারা। এছাড়া আরও কিছু স্থাপনায় আগুন দিয়েছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, থানার সব কক্ষ আগুনে জ্বলছে। এ সময় কোনো পুলিশ সদস্যকে সেখানে দেখা যায়নি। ঘটনার পরপরই তারা থানা ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া উপজেলার অডিটোরিয়ামের সামনে পুলিশ চেকপোস্ট বসায়। সহিংসতার ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেফতারের পাশাপাশি কয়েকটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়। এরপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা মসজিদে মাইকিং করে লোকজন জড়ো করে। এ সময় দলটির নেতাকর্মীরা ফেসবুক লাইভে এসেও থানা ঘেরাও করার জন্য লোকজনকে জড়ো হতে আহ্বান জানায়। পরে নেতাকর্মীরা থানায় গিয়ে হামলা চালায় এবং সেখান থেকে গ্রেফতারকৃত নেতাকর্মীদের ছিনিয়ে নেয়। এ সময় পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এর মধ্যে নেতাকর্মীরা থানায় আগুন ধরিয়ে দেয়। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, পুলিশের বাধা অতিক্রম করে কিছু মানুষ থানা চত্বরে ঢুকে পড়েছে। হামলাকারীরা থানা চত্বরে থাকা কয়েকটি গাড়িতে আগুন দেয়। এরপর তারা থানা ভবনে আগুন দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তখন পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে থানা থেকে কিছুটা দূরে গিয়ে অবস্থান নেন। এরপর থানা চত্বরের পাশে পুলিশ মেসেও আগুন দেওয়া হয়।

এ ঘটনার পর আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা উপজেলার পাটগাতী গ্রামের দিকে যায়। সেখানে গোপালগঞ্জ-৩ আসনের এমপি ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বাড়িটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

এমপির বাড়িতে আগুন দেওয়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, এস এম জিলানীর বাড়ির বিভিন্ন অংশে আগুন জ্বলছে। বাড়ির ভেতরে লাঠিসোঁটা হাতে একদল যুবক ভাঙচুর চালাচ্ছে। কেউ কেউ ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে। একজনকে বলতে শোনা যায়, ‘জিলানীর বাড়ি শেষ’।

এ ঘটনায় পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য জানতে গোপালগঞ্জের পুলিশ সুপার ও টুঙ্গিপাড়া থানার ওসি মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তারা ফোন ধরেননি।

এ ঘটনায় ১০ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এসকেন্দার শেখ বলেন, আমরা খবর পেয়েছি-টুঙ্গিপাড়া থানা এবং চৌরঙ্গীর মোড় ও বাঁশবাড়িয়ায় কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। আমরা নিরাপত্তার অভাবে ফায়ার ব্রিগেড নিয়ে বের হতে পারছি না। আমাদের পর্যাপ্ত ফোর্স ও নিরাপত্তা দিলে আমরা বের হব।

এ বিষয়ে টুঙ্গিপাড়ার ইউএনও মোহাম্মদ দিদারুল আলম বলেন, থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে গ্রেফতারকৃতদের নিয়ে গেছে বলে শুনেছি। তবে থানা থেকে অস্ত্র লুট হয়েছে কি না, সে বিষয়ে কোনো খবর পাইনি।

কালের কণ্ঠ

‘টুঙ্গিপাড়া থানা ও এমপির বাড়িতে আগুন’—এটি দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসামি গ্রেপ্তার করার ঘটনাকে কেন্দ্র করে থানায় অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাঁরা থানার লকার ভেঙে বেশ কয়েকজন আসামিকে ছিনিয়ে নেন বলে প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ছাড়া গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ির ভবনসহ আটটি ঘরে আগুন দেওয়া হয়ছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এসব ঘটনা শুরু হয়।

এদিকে গত রাতে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগেরি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ঘিরে উত্তেজনার মধ্যে রাত সাড়ে ৮টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কৃষক দলের নেতা রাজু মোল্লা (৩০) নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কার্যালয়ে ভাঙচুর, মহাসড়ক অবরোধ এবং ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগ উঠেছে।

গোপালগঞ্জের ঘটনায় স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে টুঙ্গিপাড়া থানার পুলিশ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে। এ ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীরা তাঁদের ছাড়িয়ে আনতে থানায় যান। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্থানীয় টুঙ্গিপাড়া মসজিদ থেকে ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের দেশি অস্ত্রশস্ত্রে সংগঠিত হয়ে থানায় আসতে বলা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় থানায় অগ্নিসংযোগের পর পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর মধ্যে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপজেলার খালেক বাজার, পাটগাতী মোড়, বর্ণি ও গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া প্রবেশের সড়কগুলোতে অবরোধ করে রেখেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়কগুলোতে বিভিন্ন প্রতিবন্ধক দিয়ে অবরোধ অবস্থায় ছিল। পুলিশ ও বিজিবির কয়েকটি গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও তেমন ছিল না। এর আগে গত রোববার গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটে। এ সময় তাদের অনেকের হাতে লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চাইনিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র ছিল। ওই দিন জুলাই স্মৃতিস্তম্ভ, হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়। পরে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাড়ি, দোকানপাট ও উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই রাতে টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার মোতায়েন করা হয়। এর মধ্যে সোমবার টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের তালা খুলে সভা করেন দলটির নেতাকর্মীরা। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধও উন্মুক্ত করা হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়ার উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়ে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টানিয়ে দেয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে ১৫-২০ নেতাকর্মী স্লোগান দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের ওপর অংশে তাদের ছবি টানিয়ে দেয়।

এদিন বিকালে যুবলীগ নেতা হায়দার হাজরার নেতৃত্বে নেতাকর্মীরা উপজেলার বালিয়াভাঙা বাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করে।

এর আগে সোমবার গোপালগঞ্জে ব্রিফিংয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, আরআরএফ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রায় দুই হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি ও এসআরএফ সদস্যও দায়িত্ব পালন করছেন। জেলার ৬৭ কিলোমিটার মহাসড়ক, পৌরসভা ও উপজেলা শহরগুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় ফের অগ্নিগর্ভ হয়ে ওঠে টুঙ্গিপাড়া। বর্তমানে পরিস্থিতি থমথমে অবস্থায় রয়েছে।

ইত্তেফাক

দৈনিক ইত্তেফাকের প্রথম পাতার খবর ‘ডিসেম্বর ঘিরে সতর্ক সরকার নাশকতায় যুক্তদের ছাড় নয়’। প্রতিবেদনে বলা হয়, আগামী ডিসেম্বর মাস ঘিরে সতর্ক সরকার। আইনশৃঙ্খলা বাহিনী সম্ভাব্য সব ধরনের কর্মসূচি নিয়ে বিশ্লেষণ করছে। প্রয়োজন অনুযায়ী বাড়ানো হচ্ছে ফোর্স, গোয়েন্দা তথ্য। পুলিশের শীর্ষ কর্মকর্তারা বলছেন, তারা গণহারে গ্রেফতার করতে চান না। তবে নাশকতার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে গ্রেফতার অভিযানও জোরদার করা হয়েছে। সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত পালিয়ে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারে পুলিশ সদর দপ্তর থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশের কার্যক্রম জোরদার করার অংশ হিসেবেই গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা সাঈদ খোকনকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)। পরে তাকে ডিবির কাছে সোপর্দ করে এসআরবি। পুলিশ বলেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে থেকে সাঈদ খোকন বিভিন্ন স্থানে মিছিল পরিচালনা করেছেন এবং পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ বজায় রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনায় যুক্ত ছিলেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ডিসেম্বর মাস ঘিরে নাশকতার পরিকল্পনা করছে। সড়ক ও নৌপথে নাশকতা চালিয়ে গোপালগঞ্জসহ আশপাশের চার জেলাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা রয়েছে দলটির নেতাকর্মীদের। পাশাপাশি ঢাকায় জমায়েত করার পরিকল্পনাও তাদের আছে। তবে পুলিশ আগেই এসব তথ্য জেনে গেছে।

সাম্প্রতিক সময়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় গাড়িতে আগুন দেওয়া এবং পুলিশের স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পোশাকশ্রমিকদের সাম্প্র্রতিক আন্দোলন ঘিরে সহিংসতা এবং দেশের বিভিন্ন এলাকায় নাশকতার ঘটনা বিচ্ছিন্ন কিছু নয় বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা। রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মঙ্গলবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫২৬ জনকে গ্রেফতার করেছে। একই সময়ে ৪৫টি মামলা হয়েছে।

গত সপ্তাহে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ৬৪ জেলার পুলিশ সুপার, আট মহানগরের পুলিশ কমিশনার ও আট রেঞ্জের ডিআইজিকে এ বিষয়ে বিশেষ বার্তা দিয়েছেন। এতে বলা হয়েছে, যারা সরাসরি নাশকতায় জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে। তবে অতিরিক্ত বল প্রয়োগ করার দরকার নেই।

গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন বিশ্লেষণ করে পুলিশ জানতে পেরেছে সাম্প্রতিক নাশকতার ঘটনাগুলোতে বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতারা অর্থ দিচ্ছেন। তারা বলছেন, কিছু ঘটনা ঘটানো হয়েছে টাকা দিয়ে লোক ভাড়া করে। আবার কিছু ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি অংশ নিয়েছেন।

সাঈদ খোকন সাত দিনের রিমান্ডে: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় গুলিতে ১৪ বছর বয়সি কিশোর আব্দুল মোতালিব নিহতের মামলায় সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত আজ মঙ্গলবার এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাঈদ খোকন ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে ডিবির একটি সাদা গাড়িতে করে সাঈদ খোকনকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে আনা হয়। সাঈদ খোকনকে আদালতে আনার আগেই আদালত এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সাঈদ খোকনকে বহনকারী গাড়ি আদালত চত্বরে পৌঁছালে তারা গাড়ির পেছনে বিক্ষোভ মিছিল নিয়ে ছুটতে থাকেন। পরে তাকে আদালতের হাজতখানায় নেওয়া হলে বিক্ষোভকারীরা গেটের বাইরে দাঁড়িয়ে ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’ ইত্যাদি স্লোগান দেন।

পরে সন্ধ্যা ৬টার দিকে পুলিশের কঠোর নিরাপত্তায় সাঈদ খোকনকে আদালতে তোলা হয়। এ সময় তার গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট, হাতে হাতকড়া ও মাথায় হেলমেট পরানো ছিল। সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আদালতে শুনানি শুরু হয়। শুনানিতে সাঈদ খোকনের পক্ষে তার আইনজীবী শ্রী প্রাণ নাথ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানিতে তিনি আদালতকে বলেন, ‘আসামি সাঈদ খোকনের বিরুদ্ধে এই মামলায় যে হত্যার অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। মামলার এজাহারে তার বিষয়ে সুস্পষ্ট করে কিছুই উল্লেখ নেই। তিনি শেষ সময়ে গুরুত্বপূর্ণ তেমন কোনো দায়িত্বে ছিলেন না। এই মামলাটির উল্লিখিত ঘটনাটি ও মামলা দায়েরের তারিখ অনেক পরে। এই মামলায় তার ১০ দিনের রিমান্ডে নেওয়ার কোনো উপাদান নেই। আমরা রিমান্ড বাতিলপূর্বক জামিন চাই। যদি আমাদের জামিন নাও দেন তাতেও আমরা অসন্তুষ্ট না। তিনি অসুস্থ ও সাবেক এমপি ও মেয়র। তার অবস্থান অনুযায়ী তাকে ডিভিশন দেওয়া হোক।’

অন্যদিকে, রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরে রাস্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী আদালতে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী এই সাঈদ খোকন। মুক্তিকামী ছাত্র-জনতা যখন জুলাইয়ে আন্দোলন করে, তখন সেই আন্দোলন দমানোর জন্য ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণ করে এই আসামি। তাদের এই নিপীড়ন ও ছাত্র আন্দোলন দমানোর জন্য ছোড়া গুলিতে এই মামলার ভুক্তভোগী মোতালিব নিহত হয়। সাঈদ খোকন এই হত্যা মামলার ২৯ নম্বর আসামি উল্লেখ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, দেশে যেভাবে নাশকতা চালানো হচ্ছে, গাড়িতে ও বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, এই নাশকতার সঙ্গে এই সাঈদ খোকন জড়িত। তার নেতৃত্বে ও অর্থায়নে এই নাশকতা চালানো হচ্ছে। শুনানি চলাকালে সাঈদ খোকন হাত উঁচু করে আদালতের উদ্দেশে বলেন, ‘স্যার, কথা বলতে চাই।’ তবে আদালত তার বক্তব্য শোনেনি।

নয়া দিগন্ত

‘আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ’—এটি দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, সরকারি দফতরগুলোতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর প্রায় এক লাখ অস্থায়ী পদে নিয়োগের উদ্যোগ কার্যত আটকে গেছে আউটসোর্সিং নীতিমালার পরিবর্তন এবং সরকারি ক্রয় আইনের সাথে তার অসামঞ্জস্যের কারণে। সরকারি ব্যয় কমানো, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ এবং সেবাকর্মীদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার যুক্তিতে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জনবল নেয়ার ব্যবস্থা পরিবর্তন করা হলেও বিকল্প নিয়োগপদ্ধতির প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক কাঠামো প্রস্তুত না করেই নতুন নীতি কার্যকর করা হয়। ফলে পুরনো পদ্ধতিতে নিয়োগ বন্ধ হয়েছে, অথচ নতুন পদ্ধতিতে নিয়োগ দেয়ার পথও পুরোপুরি তৈরি হয়নি। এর সরাসরি প্রভাব পড়েছে হাসপাতাল, সরকারি দফতর, গণপূর্ত, রেলপথ, কৃষি ও সমাজকল্যাণসহ বিভিন্ন খাতের জনবল ব্যবস্থাপনায়।

পরিস্থিতি সামাল দিতে অবশেষে পুরনো নীতিমালার আওতায় শুরু হওয়া ক্রয়প্রক্রিয়া সম্পন্ন এবং মেয়াদোত্তীর্ণ কিছু চুক্তি সাময়িকভাবে চালু রাখার অনুমতি দিয়েছে অর্থ বিভাগ। গত ১৬ নভেম্বর জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, ২১ সেপ্টেম্বর ২০২৬ বা তার আগে শুরু হওয়া নির্দিষ্ট আউটসোর্সিং ক্রয়প্রক্রিয়া আগের বিধান অনুসরণ করে সম্পন্ন করা যাবে। তবে এসব চুক্তির মেয়াদ সর্বোচ্চ এক বছর। একই সাথে ৩০ জুন ২০২৬ তারিখে মেয়াদ শেষ হলেও যেসব সেবা কার্যক্রম চলমান রয়েছে, সেগুলো অর্থ বিভাগের সম্মতিসাপেক্ষে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আগের নিয়মে চালু রাখা যাবে।

প্রশাসনিকভাবে এটি আপাতত সঙ্কট মোকাবেলার ব্যবস্থা হলেও মূল সমস্যার সমাধান নয়। বরং প্রশ্ন উঠেছে, একটি বড় নীতিগত পরিবর্তনের আগে সরকারি ক্রয় আইন, বিধিমালা, নিয়োগপ্রক্রিয়া, জনবল ব্যবস্থাপনা এবং আর্থিক দায়বদ্ধতার বিষয়গুলো কেন সমন্বিতভাবে নিষ্পত্তি করা হয়নি?

নীতি পরিবর্তন, কিন্তু আইনি প্রস্তুতি অসম্পূর্ণ: ২০২৫ সালের ১৫ এপ্রিল অর্থ বিভাগ আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা, ২০২৫ জারি করে। পরে ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নীতিমালাটি সংশোধন করা হয়। সংশোধনের মূল পরিবর্তন ছিল বেসরকারি সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে সেবাকর্মী নেওয়ার প্রচলিত ব্যবস্থার পরিবর্তে সরাসরি ব্যক্তির কাছ থেকে সেবা গ্রহণের সুযোগ তৈরি করা। পাশাপাশি অর্থ বিভাগ অনুমোদিত বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি (আইআইএফসি), মাধ্যমে জনবল নেয়ার ব্যবস্থাও রাখা হয়।

সরকারের যুক্তি ছিল, বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যস্থতা বাদ দেয়া গেলে সেবাকর্মীদের পারিশ্রমিক সরাসরি তাদের ব্যাংক হিসাব বা মোবাইল আর্থিক সেবার মাধ্যমে দেয়া সম্ভব হবে। এতে বেতন থেকে অর্থ কেটে রাখা, নিয়োগের নামে অর্থ আদায় এবং কর্মীদের হয়রানির সুযোগ কমবে। একই সাথে সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।

কিন্তু নীতিমালার এই পরিবর্তনের সাথে সরকারি ক্রয়ের বিদ্যমান আইনি কাঠামোর সামঞ্জস্য নিশ্চিত করা হয়নি। সরকারি ক্রয় আইন, ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর), ২০২৫-এ আউটসোর্সিংকে ভৌত সেবা হিসেবে বিবেচনা করা হয়েছে। প্রচলিত ব্যবস্থায় প্রতিযোগিতামূলক ক্রয়প্রক্রিয়ার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে জনবল ও সেবা নেয়া হয়। কিন্তু সংশোধিত নীতিমালায় ব্যক্তির সাথে সরাসরি চুক্তির সুযোগ তৈরি হলেও আইন ও বিধিমালায় সেই প্রক্রিয়ার সুস্পষ্ট ভিত্তি ছিল না।

ফলে মন্ত্রণালয় ও বিভাগগুলো এক ধরনের দ্বিমুখী সঙ্কটে পড়ে। বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন করে লোক নেয়া যাচ্ছে না, আবার সরাসরি ব্যক্তির কাছ থেকেও সেবা কেনার ক্ষেত্রে আইনি জটিলতা রয়েছে। ফলে চাহিদা থাকা সত্ত্বেও নিয়োগপ্রক্রিয়া এগোচ্ছে না।

এক লাখ পদে নিয়োগের উদ্যোগ স্থবির: গত ২১ অক্টোবর প্রকাশিত তথ্য অনুযায়ী, সরকারি বিভিন্ন দফতরে ১৬ থেকে ২০তম গ্রেডের প্রায় এক লাখ অস্থায়ী পদে নিয়োগের প্রস্তাব ঝুলে রয়েছে। এসব পদে হাসপাতালের সুইপার, ল্যাব সহকারী, ট্রলিম্যান, পরিচ্ছন্নতাকর্মী এবং সরকারি দফতর ও বাসভবনের বিভিন্ন সেবাকর্মী নিয়োগের পরিকল্পনা ছিল।

বণিক বার্তা

দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম ‘দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ’। প্রতিবেদনে বলা হয়, দেশে গ্যাস সংকট মোকাবেলায় দুটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) দিয়ে গ্যাস সরবরাহ করছে পেট্রোবাংলা। ২০১৮ সাল থেকে দেশে এ ধরনের অবকাঠামো যুক্ত হয়েছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহ সংকট, উচ্চ মূল্য জটিলতার পরিপ্রেক্ষিতে সরকার বেশ কয়েকটি এফএসআরইউ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে। যার অংশ হিসেবে কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে চীনা কোম্পানির এফএসআরইউ নির্মাণ প্রস্তাব চূড়ান্তভাবে অনুমোদন দেয়া হয়েছে গত বৃহস্পতিবার। আরো তিনটি ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে এফএসআরইউ কার্যকর কোনো সমাধান কিনা কিংবা এলএনজি আমদানি, টার্মিনাল ভাড়া নেয়ার ক্ষেত্রে বাংলাদেশে দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদে আটকে যাচ্ছে কিনা এমন উদ্বেগের কথা জানিয়েছেন অনেক বিশেষজ্ঞ।

দেশের জ্বালানি সংকট মোকাবেলায় দ্রুত ও ব্যয়সাশ্রয়ী বিকল্প হিসেবে ভাসমান এলএনজি টার্মিনাল গুরুত্ব পেলেও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কর্মকাণ্ড ও জ্বালানি নিরাপত্তায় ল্যান্ডবেজড টার্মিনালকেই কার্যকর সমাধান হিসেবে দেখছেন জ্বালানি বিশেষজ্ঞরা। পেট্রোবাংলা ও জ্বালানি বিভাগ-সংশ্লিষ্টরা বলছেন, ল্যান্ডবেজড টার্মিনালের নির্মাণ প্রক্রিয়া এগিয়ে নিতেও কাজ চলছে।

এফএসআরইউ মডেলে গ্যাস সরবরাহের বিষয়ে কয়েক বছর ধরে একটি বড় বিতর্ক রয়েছে। এ ধরনের টার্মিনাল সাময়িক সুবিধা দিলেও সরকারের জন্য দীর্ঘমেয়াদি দায় তৈরি করে। বিশেষ করে সার্ভিজ চার্জ বহনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ রিগ্যাসিফিকেশন না করলেও জাহাজের ভাড়া, সংরক্ষণ ও রিগ্যাসিফিকেশন ব্যয় গুনতে হয় পেট্রোবাংলাকে। এফএসআরইউর আরেকটি বড় সীমাবদ্ধতা—সাগরের বৈরী আবহাওয়া, ঢেউ, জোয়ার-ভাটা এবং জাহাজ চলাচলে বিঘ্ন। বিগত কয়েক বছরে এ ধরনের সমস্যায় দেশের ভাসমান টার্মিনাল থেকে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছে। এর ফলে বিদ্যুৎ কেন্দ্র, শিল্প-কারখানা থেকে শুরু করে সব শ্রেণীর গ্রাহক নানা সময় ভুক্তভোগী হয়েছেন।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) বাংলাদেশ গ্যাস খাতের কৌশলগত পরিকল্পনাসংক্রান্ত সমীক্ষায় বলা হয়েছে, মাতারবাড়ী এলাকায় প্রতিকূল আবহাওয়া ও উচ্চ জোয়ার-ভাটার কারণে এফএসআরইউর কার্যকারিতা কমতে পারে। সেক্ষেত্রে ভূমিভিত্তিক টার্মিনাল তুলনামূলকভাবে বেশি স্থিতিশীল। সেই সঙ্গে এ ধরনের টার্মিনালের সংরক্ষণ সক্ষমতা এবং দীর্ঘমেয়াদি ব্যয় সুবিধার বিষয়টিও তুলে ধরা হয়েছে সমীক্ষায়।

সাগরে বৈরী আবহাওয়ায় এফএসআরইউ থেকে এলএনজি সরবরাহ অতীতে অনেকবার বিঘ্নিত হয়েছে। সর্বশেষ চলতি বছরের ৫ আগস্ট এমন ঘটনায় দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। কয়েকদিন পর আংশিকভাবে চালু হওয়ার পর টার্মিনালটি থেকে আবার সরবরাহ বন্ধ হয়ে যায়।

দেশে গ্যাস সরবরাহ ব্যবস্থাপনায় স্থানীয় উৎপাদন না বাড়লে আমদানিনির্ভরতায় থাকতে হতে পারে আগামী দুই দশক। এ সময় দেশের গ্যাসের সরবরাহ কমলে এলএনজি আমদানির বিকল্প কোনো ব্যবস্থা নেই। সেক্ষেত্রে কিছুটা ব্যয়বহুল হলেও ভাসমানের চেয়ে ল্যান্ডবেজড এলএনজি টার্মিনালে দীর্ঘমেয়াদে বিনিয়োগ সুফল রয়েছে।

এলএনজি টার্মিনালের বৈশ্বিক মূলধনি ব্যয়ের (প্রাথমিক বিনিয়োগ) আদর্শমান, সময় এবং বিদ্যমান বাজারদর বিশ্লেষণ করলে ভাসমান ও ল্যান্ডবেজড টার্মিনাল নির্মাণে ব্যয় ও সময়ের খুব বড় ব্যবধান দেখা যায় না।

বিভিন্ন দেশে এলএনজি টার্মিনাল নির্মাণ ব্যয়ের তুলনামূলক চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, একটি ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণে বৈশ্বিক স্ট্যান্ডার্ডে সম্ভাব্য মূলধনি ব্যয় ৪০০-৫০০ মিলিয়ন ডলার (তিন মিলিয়ন টন সক্ষমতার)। আর ল্যান্ডবেজড টার্মিনালে তা ৭০০-৮০০ মিলিয়ন ডলার। আর সাড়ে সাত মিলিয়ন টন সরবরাহ সক্ষমতার ল্যান্ডবেজড এলএনজি টার্মিনালে এ ব্যয় ১ দশমিক ২ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।

বৈশ্বিক অভিজ্ঞতায় দেখা যায় একটি ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ প্রস্তাব অনুমোদনের পর দুই বছরের মধ্যে উৎপাদনে আনা সম্ভব। আর ল্যান্ডবেজড এলএনজি টার্মিনালে সময় লাগে চার বছর। এশিয়ায় ল্যান্ডবেজড এলএনজি টার্মিনালগুলোর প্রেক্ষাপটে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। চূড়ান্তভাবে ব্যয়ের বিষয়টি নির্ভর করে মূলত মজুদ সক্ষমতা, গ্যাস সরবরাহের হার, সমুদ্রে প্রয়োজনীয় কাজ, পাইপলাইনের দৈর্ঘ্য, মালিকানা কাঠামো ও আপৎকালীন ব্যয়ের হিসাব করে।

তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, এফএসআরইউতে প্রাথমিক বিনিয়োগ কম এবং দ্রুত স্থাপন করার সুবিধা থাকে। অন্যদিকে ল্যান্ডবেজড এলএনজি টার্মিনালের নির্মাণ ব্যয় বেশি হলেও মজুদ ও স্থায়ী অবকাঠামোর সুযোগ সবচেয়ে বেশি। বিশেষ করে বৈশ্বিক বাজারে অস্থিরতা, উচ্চ মূল্যের ঝুঁকি এড়িয়ে যাওয়ার বড় সুযোগ থাকে ল্যান্ডবেজড এলএনজি টার্মিনালে।

আজকের পত্রিকা

‘একের পর এক হামলায় চাপে এনসিপি নেতারা’—এটি দৈনিক আজকের পত্রিকার প্রথম পাতার খবর। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য সফরে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের হেনস্তার চেষ্টার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সফরকে কেন্দ্র করে এনসিপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষও হয়েছে। গত এক সপ্তাহে দেশে এনসিপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন দেওয়া এবং মাহমুদা আলম মিতুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগের প্রেক্ষাপটে যুক্তরাজ্যের ঘটনাগুলো ঘটেছে।

চলতি ঘটনাগুলোর কারণে দেশে-বিদেশে এনসিপি এবং তাদের অনেক নেতা-কর্মীর সাবেক প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতা-কর্মীদের একের পর এক হামলা বা হুমকির মুখে পড়ার বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

১০ নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈছাআর অন্যতম সমন্বয়ক ও এনসিপির শিক্ষার্থীদের সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। এর এক দিন পরই রাতের বেলা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনাটি শর্টসার্কিটের মতো দুর্ঘটনা হতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে তদন্ত চলছে। এদিকে এ অগ্নিসংযোগের ঘটনার পরদিন থেকে ফোনে বেশ কয়েকবার প্রাণনাশের হুমকি পাওয়ার কথা জানিয়েছেন সংসদ সদস্য মাহমুদা আলম মিতু। মিতু বলেছেন, তাঁকে প্রাণে বাঁচতে চাইলে দেশত্যাগ করতে বলা হয়েছে। এমন প্রেক্ষাপটে এনসিপি থেকে সদ্য পদত্যাগ করা সামান্তা শারমিন জানিয়েছেন, তাঁকেও ছাত্রলীগ পরিচয় দেওয়া এক ব্যক্তি হুমকি দিয়েছে। এর পর এল যুক্তরাজ্য সফররত এনসিপি আহ্বায়কের ওপর চড়াও হওয়ার ঘটনা।

অন্তত ২৩ জন হামলার শিকার

গত এক বছরে দেশের বিভিন্ন স্থানে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ অন্তত ২৩ জন হামলার শিকার হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গণ-আন্দোলনে নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনে বড় ভূমিকা রাখা দলটির নেতাদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তামূলক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ ও মানবাধিকার সংগঠনগুলোর তথ্য বলছে, দেশের ভেতরে রাজধানী ঢাকা থেকে শুরু করে রাজশাহী, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় এনসিপি নেতাদের ওপর চোরাগোপ্তা হামলা হয়েছে। হামলার শিকার হয়েছেন কেন্দ্রীয় নেতা, স্থানীয় সংগঠক এবং তাঁদের সঙ্গে থাকা কর্মী-সমর্থকেরা। কোনো ঘটনায় সরাসরি হামলা, কোথাও গাড়িবহরে হামলা, আবার কোথাও কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

আগের হামলার ঘটনাগুলোর মধ্যে রয়েছে গত ১৬ জানুয়ারি চট্টগ্রামের চন্দনাইশে হাসনাত আবদুল্লাহ ও মঈন উদ্দিন মাহিন, ২৩ ও ২৭ জানুয়ারি ঢাকায় এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, ১৩ ফেব্রুয়ারি সারজিস আলম, ২৫ ফেব্রুয়ারি নোয়াখালীর হাতিয়ায় আবদুল হান্নান মাসুদ (গাড়িবহরে হামলা), ২২ মে ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তারেকুল ইসলাম তারেক রেজা, ২৮ জুলাই সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলম ও মাহমুদা মিতুর ওপর হামলার ঘটনা।

​দেশ রূপান্তর

দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম ‘ইতিহাসের সাক্ষী রূপপুর’। প্রতিবেদনে বলা হয়, রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বের ৩৩তম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ যুগে প্রবেশ করল বাংলাদেশ। গতকাল মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের মধ্য দিয়ে এই নবযাত্রার শুভ সূচনা হয়। এটি বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের অগ্রযাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক। এর ফলে পরমাণু দিয়ে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল। তবে কেন্দ্রটির বাণিজ্যিক উৎপাদন শুরু করতে আরও অন্তত ১০ মাস লাগবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। পরীক্ষায় সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। বর্তমানে উৎপাদন কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থিতিশীল রাখা হয়েছে। আরও কিছু পরীক্ষা শেষে ধীরে ধীরে উৎপাদন বাড়ানো হবে।

ভিভিইআর ১২০০ মডেলের কেন্দ্রটি নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২০১৭ সালের ৩০ নভেম্বর। তবে এর আগে কেন্দ্রটির ঋণ চুক্তি, সাইট নির্বাচন, নকশা প্রণয়নসহ নানা কাজে অন্তত ৫ বছর ব্যয় হয়। অতিমারি করোনার থাবা আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রূপপুরের উৎপাদন আরও ৫ বছর পিছিয়ে যায়। কেন্দ্রটির প্রথম ইউনিট উৎপাদনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছিল ২০২৩ সাল। ডলারের দাম বৃদ্ধিতে এজন্য কেন্দ্রটির নির্মাণ ব্যয়ও বেড়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, একবার বাণিজ্যিক উৎপাদন শুরু হলে কেন্দ্রটি টানা ১৮ থেকে ২৪ মাস বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। কেন্দ্রটি ৮৫ থেকে ৯০ শতাংশ প্ল্যান্ট ফ্যাক্টরে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। কেন্দ্রটি থেকে টানা ৬০ বছর বিদ্যুৎ পাওয়া যাবে। সংস্কার করে কেন্দ্রটির আয়ুষ্কাল আরও ২০ বছর বৃদ্ধি করা সম্ভব। অর্থাৎ, একবার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করলে টানা ৮০ বছর বিদ্যুৎ পাওয়া যেতে পারে।

বাংলাদেশ প্রতিদিন

‘সীমান্তে কড়া নজরদারি’—এটি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, আসন্ন ডিসেম্বর ঘিরে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পলাতক নেতা-কর্মীদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তের স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ পয়েন্টে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে সিসিটিভি ক্যামেরা, থারমাল ড্রোন, নাইট ভিশন বাইনোকুলার ও সার্চলাইট। কোথাও কোথাও বাড়ানো হয়েছে টহল ও চেকপোস্টের সংখ্যা। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদেরও নজরদারির কাজে সম্পৃক্ত করছে বিজিবি। এ ছাড়াও পুলিশ ও ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) রয়েছে সর্বোচ্চ সতর্কাবস্থায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, সুনামগঞ্জ, ফেনী, রংপুর ও ঠাকুরগাঁওসহ বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার এবং পলাতক আসামিদের যাতায়াত ঠেকানোও এ তৎপরতার লক্ষ্য।

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি : দেশের ভিতর অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে সিলেট সীমান্ত দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা আসা-যাওয়া করার অভিযোগ উঠেছে। গোপনে নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করে ফিরে যান তারা। গত ৮ নভেম্বর গোয়াইনঘাটের রাতারগুলে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রণজিৎ সরকারের গোপন বৈঠকের তথ্য ফাঁস হওয়ার পর তোলপাড় শুরু হয়। এরপর সিলেট সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি ড্রোন ও সার্চলাইট ব্যবহার করে নজরদারি বাড়িয়েছে ৪৮ বিজিবি। ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোয়েন্দা তৎপরতা ও অভিযান বাড়ানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সন্দেহজনক ব্যক্তির চলাচল সম্পর্কে বিজিবিকে জানানোর অনুরোধ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার ২৫ বিজিবি ব্যাটালিয়নও সীমান্তে নাইট ভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসিটিভি ক্যামেরা ও থার্মাল ড্রোনের ব্যবহার বাড়িয়েছে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, কুমিল্লা সেক্টরের চারটি ব্যাটালিয়নের অধীনে ৩২৭ কিলোমিটার সীমান্তে সর্বোচ্চ সতর্কতা নিয়ে দায়িত্ব পালন করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্ট চিহ্নিত করে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। সুনামগঞ্জের ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, সীমান্তের স্পর্শকাতর স্থানগুলোতে সৌরবিদ্যুৎচালিত সিসিটিভি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকায় জনবল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি ১৯টি বিওপিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: Manab Zamin

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন