মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

শ্রমিক অসন্তোষে পোশাক খাতে ক্ষতি ৩-৪ হাজার কোটি টাকা

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

শ্রমিক অসন্তোষে পোশাক খাতে ক্ষতি ৩-৪ হাজার কোটি টাকা
শ্রমিক অসন্তোষে পোশাক খাতে ক্ষতি ৩-৪ হাজার কোটি টাকা

পোশাক খাতে শ্রমিক অসন্তোষ, কারখানা বন্ধ ও সড়ক অবরোধে ইতিমধ্যে ৩ থেকে ৪ হাজার কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)।

বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. আবদুল হামিদ বলেন, ‘পোশাক কারখানায় এক দিন উৎপাদন বন্ধ থাকলে জাতীয় অর্থনীতিতে প্রায় ২ হাজার থেকে ২ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়।’

তিনি বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে সাভার, আশুলিয়া, মিরপুর ও গাজীপুরের মতো শিল্পাঞ্চলে অস্থিরতা চলায় প্রতিদিন ক্ষতির পরিমাণ বাড়ছে। এর প্রভাব পরিবহন, ব্যাংকিং, সরবরাহ ব্যবস্থা ও রপ্তানিসংশ্লিষ্ট অন্যান্য খাতেও পড়ছে।’

বিদেশি ক্রেতা ও স্থানীয় উৎপাদকদের মধ্যে সংযোগকারী হিসেবে কাজ করা বায়িং হাউসগুলোও সরাসরি বাণিজ্যিক ক্ষতির মুখে পড়েছে বলে জানান বিজিবিএ সভাপতি।

সংগঠনটির দাবি, অস্থিরতায় নতুন পণ্য উৎপাদন ও আগামী মৌসুমের জন্য নির্ধারিত পোশাকের চালান পাঠানো ব্যাহত হচ্ছে। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারলে রপ্তানিকারক ও বায়িং হাউসগুলোকে বাড়তি পরিবহন খরচ গুনতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে মূল্যছাড় দেওয়ার চাপও বাড়বে।

আবদুল হামিদ বলেন, ‘ক্রেতাদের মনোভাব পরিবর্তনের কারণে আর্থিক চাপ আরও বাড়ছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের মতো প্রতিদ্বন্দ্বী দেশের সঙ্গে তীব্র প্রতিযোগিতায় রয়েছে।’

দীর্ঘস্থায়ী অভ্যন্তরীণ অস্থিরতায় আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের সময়মতো পণ্য সরবরাহের সক্ষমতা নিয়ে আস্থার সংকট তৈরি হচ্ছে। এতে অনেক ক্রেতা নতুন ক্রয়াদেশ দিতে দ্বিধা করছেন, আবার কিছু ক্ষেত্রে ক্রয়াদেশের পরিমাণও কমছে।

তিনি বলেন, ‘ক্রয়াদেশ কমতে থাকলে কারখানাগুলো পূর্ণ সক্ষমতায় চালাতে না পারার পাশাপাশি স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে। এতে দেশের রপ্তানি আয় ও হাজার হাজার শ্রমিকের জীবিকা হুমকির মুখে পড়বে।’

বিজিবিএ সতর্ক করে বলেছে, চলমান সংকটের প্রভাব আগামী প্রান্তিকজুড়ে পোশাক খাত ও সামগ্রিক রপ্তানি আয়ে পড়তে পারে।

জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বিবেচনায় শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে যৌক্তিক বলে স্বীকার করে সংগঠনটির সভাপতি বলেন, ‘সরকার, শ্রমিক প্রতিনিধি, বিজিএমইএ ও বিকেএমইএর মধ্যে দ্রুত বাস্তবসম্মত সমঝোতা জরুরি।’

আরও ক্ষতি এড়াতে দ্রুত সরকারি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে বিজিবিএ। একই সঙ্গে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

সূত্র: Manab Zamin

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন