মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

‘আট বছর ধরে একই বক্তব্য দিয়ে আসছি’, স্যান্ডপেপার-কাণ্ডে অনড় কামিন্স

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

‘আট বছর ধরে একই বক্তব্য দিয়ে আসছি’, স্যান্ডপেপার-কাণ্ডে অনড় কামিন্স
‘আট বছর ধরে একই বক্তব্য দিয়ে আসছি’, স্যান্ডপেপার-কাণ্ডে অনড় কামিন্স

২০১৮ সালের কেপটাউন টেস্টে বহুল আলোচিত বল টেম্পারিং-কাণ্ডের আট বছর নতুন করে বিতর্ক দেখা দিয়েছে।

একের পর এক নতুন তথ্য ও স্বীকারোক্তিতে অস্ট্রেলিয়ান ক্রিকেটে যখন আবারো অস্বস্তি বাড়ছে, তখন নিজের অবস্থানে অনড় অধিনায়ক প্যাট কামিন্স। তার দাবি, বল বিকৃতির পরিকল্পনা কিংবা মাঠে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে তিনি কিছুই জানতেন না। নতুন করে ক্যামেরন ব্যানক্রফটের বিস্ফোরক বক্তব্য প্রকাশের পরও সেই অবস্থান থেকে সরে আসেননি তিনি।

বুধবার সন্ধ্যায় প্রায় চার হাজার শব্দের বিবৃতিতে ২০১৮তে দক্ষিণ আফ্রিকা সফরের ঘটনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন ব্যানক্রফট। তার বক্তব্যে উঠে এসেছে পোর্ট এলিজাবেথ ও কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের পরিকল্পনা, দলের ভেতরে একাধিক আলোচনা এবং বোলারদের সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ। এর আগে উসমান খাজাও দাবি করেন, দলের সবাই বিষয়টি সম্পর্কে জানতেন। ফলে সেই ঘটনায় কেবল স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রফটই জড়িত ছিলেন—অস্ট্রেলিয়া ক্রিকেটের সেই পুরোনো বয়ান এখন বড় প্রশ্নের মুখে।

ব্যানক্রফটের বক্তব্য প্রকাশের পর বৃহস্পতিবার কামিন্সের দীর্ঘদিনের এজেন্ট নিল ম্যাক্সওয়েল নতুন করে তার অবস্থান ব্যাখ্যা করেন। ম্যাক্সওয়েল বলেন, ‘আট বছর ধরে প্যাটের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। প্রথম দিন থেকেই তিনি নিজের বক্তব্যে ধারাবাহিক ও অনড়। ক্যামেরনের জন্য প্যাটের অবশ্যই সহমর্মিতা রয়েছে। তাকে অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মানুষকে আমরা আবারো প্যাটের সাক্ষাৎকারের পুরো প্রতিলিপি পড়ে দেখার অনুরোধ জানাবো। এমন কিছু নেই, যার উত্তর তিনি দেননি। ক্যামেরন এখন যা বলেছেন, সে বিষয়েও তার বক্তব্যের উত্তর রয়েছে।’

গত সপ্তাহে সিডনিতে সংবাদ সম্মেলনে খাজার দাবিকে ‘১০০ শতাংশ ভুল’ বলে মন্তব্য করেন কামিন্স। এমনকি খাজা মানুষের জীবন নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন বলেও অভিযোগ তোলেন তিনি। কামিন্সের সেই বক্তব্যে ‘ক্ষোভ, বিশ্বাসঘাতকতা ও একাকিত্ব’ অনুভব করার কথা জানান ব্যানক্রফট।

এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, কামিন্সকে নতুন করে নির্দোষ প্রমাণের কোনো প্রয়োজন নেই। ২০১৮ সালের ঘটনার তদন্ত শেষ হয়েছে এবং নতুন করে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না। তবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য শোনার জন্য একটি স্বাধীন ফোরাম গঠনের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

ব্যানক্রফটের লেখায় বোলারদের পাশাপাশি তৎকালীন উইকেটকিপার টিম পেইনের সঙ্গেও বলের রিভার্স সুইং ও বলের অবস্থা নিয়ে আলোচনার কথা উঠে এসেছে। ব্যানক্রফট জানিয়েছেন, ওই কথোপকথনগুলো পরবর্তী সময়ে তাকে গভীরভাবে ভাবিয়েছে। তৎকালীন কোচ ড্যারেন লেম্যান ও বোলিং কোচ ডেভিড সাকারের নামও এসেছে তার বক্তব্যে। লেম্যান অবশ্য বরাবরই এই পরিকল্পনা সম্পর্কে জানার অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে মিচেল স্টার্ক আগেই জানিয়েছেন, ২০২১ সালে বোলারদের দেয়া যৌথ বিবৃতির অবস্থান থেকে তাদের সরে আসার কিছু নেই।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ব্যানক্রফটের বক্তব্য তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। তারা বলে, ‘ব্যানক্রফট নিজের অভিজ্ঞতা ও বক্তব্য তুলে ধরেছেন, আমরা তা পর্যালোচনা করার জন্য সময় নেবো। ২০১৮ সালের ঘটনাগুলোর বিভিন্ন দিক রয়েছে। সে কারণেই সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ দিতে স্বাধীন ফোরাম গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।’

সূত্র: Manab Zamin

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন