মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

সেনাবাহিনী সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতীক: রিজভী

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

সেনাবাহিনী সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতীক: রিজভী
সেনাবাহিনী সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতীক: রিজভী

সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতীক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি এবং অঙ্গ-সংগঠনের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালির উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, এদেশের স্বাধীনতা ঘোষণা থেকে শুরু করে সেনাবাহিনীকে আধুনিক করে গড়ে তোলা এবং আজকের যে সেনাবাহিনী-এটিকে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে গড়ে তোলার ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আজকে তাদেরই জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা সর্বাগ্রে। তারা আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতীক। এমনকি আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রতীক যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারই সৃষ্টি করা আধুনিক সেনাবাহিনী।

রিজভী বলেন, পরাজিত শক্তি, যারা অন্যের পদতলে নিজেদের আত্মসমর্পণ করেন, যারা ক্রীতদাস হয়ে কাজ করেন—যারা বলেন, তাদেরকে আমরা অনেক দিয়েছি। তারা মনে রাখবেন, দেশের মানুষের যে স্বাধীনতাকামী-তাদের চিন্তা, দেশের মানুষের স্বাধীনতার প্রতি যে আকাঙ্ক্ষা, সার্বভৌমত্বের প্রতীক—এটিকে যারা দূর্বল করেছে তাদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী দিবস এবং জিয়াউর রহমানের যে অবদান সেটি আজ মিলেমিশে একাকার হয়ে যায়।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম মিল্টন, সদস্য সচিব এস এম জাহাঙ্গীর, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ.কে.এম ফজলুল হক মিলন, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন।

সূত্র: Manab Zamin

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন