মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো রেকর্ড ৫১ বস্তা টাকা, চলছে গণনা

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো রেকর্ড ৫১ বস্তা টাকা, চলছে গণনা
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো রেকর্ড ৫১ বস্তা টাকা, চলছে গণনা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে বস্তার হিসেবে দানবাক্সের টাকার নতুন রেকর্ড।

এবার পাওয়া গেছে এ যাবৎকালের সর্বোচ্চ ৫১ বস্তা টাকা। দানসিন্দুকগুলো শুধু টাকাতেই পূর্ণ ছিলো না। ছিলো স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রাও। সেসবও অন্যান্যবারের চেয়ে বেশি পরিমাণে পাওয়া গেছে। যার মধ্যে রয়েছে সোনা ও রূপা। দিনার, ইউরো ও ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রার সংখ্যাও ছিলো এবার সর্বোচ্চ। গতবার পাওয়ার গিয়েছিল রেকর্ড ৪৩ বস্তা টাকা।

এছাড়া মিলেছে মানতকারীদের ইচ্ছেপূরণের হাজারো চিঠি। শনিবার পাগলা মসজিদের এসব দানসিন্দুকগুলো খোলা হয়। সকাল ৭টায় মসজিদটির ১০টি দানসিন্দুক এবং ৫টি ট্রাঙ্ক খোলার মধ্য দিয়ে টাকা গণনার কাজ শুরু করা হয়। লোহার সিন্দুকের সিলগালা খুলে প্রথমে টাকাগুলো বের করে বস্তায় ভরা হয়। এবার পাওয়া যাওয়া ৫১ বস্তা টাকা, একে একে মসজিদের দোতলায় নিয়ে মেঝেতে ঢালা হয়। এরপর শুরু হয় গণনা।

৬৮০ জনের একটি বিরাট টিম টাকা গণনার কাজে সম্পৃক্ত রয়েছেন। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ ও আনসার সদস্যরা তাদের সহায়তা করছেন। টাকা গণনায় তদারকি করছেন ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এবার চার মাস ২৪ দিন পর মসজিদের দানসিন্দুকগুলো খোলা হয়। এর আগে সর্বশেষ চলতি বছরের ২৭ জুন দানসিন্দুক খোলা হয়েছিল। তখন ৪৩ বস্তায় পাওয়া যায় রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এবার আগের সেই টাকার পরিমাণ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

এদিন সকাল ৭টায় কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং জেলা প্রশাসক সোহানা নাসরিনের উপস্থিতিতে দানসিন্দুক খোলা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওয়াদিয়া শাবাব, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. জুবায়ের হোসেন, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ, রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারেছী এবং দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরাসহ মসজিদ কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

পাগলা মসজিদে মানুষ টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার, গরু-ছাগল, হাঁস-মুররি, ফল-ফলাদি ও কোরআন শরীফ ইত্যাদি দান করেন। এর মধ্যে টাকাপয়সা ও স্বর্ণালঙ্কার মসজিদের দানসিন্দুকগুলোতে জমা পড়ে। অন্যদিকে গরু-ছাগল, হাঁস-মুরগি, ফল-ফলাদি ও কোরআন শরীফ ইত্যাদি নিলামঘরে জমা নেওয়া হয়।

পাগলা মসজিদের মালামাল সংরক্ষক মো. বিল্লাল হোসেন বলেন, ‘প্রতিদিন অসংখ্য মানুষ দানসিন্দুকে নগদ টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার ছাড়াও মসজিদের নিলামঘরে নানা ধরনের জিনিসপত্র দান করেন। অনেকে মানত করে থাকেন, তারা সেসব দিয়ে যান। এসবের মধ্যে রয়েছে গরু-ছাগল, হাঁস-মুরগি, ফল-ফলাদি ও কোরআন শরীফ ইত্যাদি। নিলামঘরের জিনিসপত্র প্রতিদিন নিলামে বিক্রি করে দেয়া হয়। নিলাম থেকে পাওয়া টাকা ব্যাংকে জমা করা হয়।

সূত্র: Manab Zamin

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন