মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

আ.লীগের বিচার দ্রুত শুরু করার দাবি বেসিস সংস্কার পরিষদের

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

আ.লীগের বিচার দ্রুত শুরু করার দাবি বেসিস সংস্কার পরিষদের | আমার দেশ
আ.লীগের বিচার দ্রুত শুরু করার দাবি বেসিস সংস্কার পরিষদের | আমার দেশ

দেশব্যাপী চলমান সহিংসতা ও নাশকতার প্রতিবাদ জানিয়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার অবিলম্বে শুরু করার দাবি তুলেছে বেসিস সংস্কার পরিষদ।

একই সঙ্গে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অবকাঠামো ও ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষা, বেসিসের গঠনতন্ত্র সংস্কার এবং ২০৩৩ সালের মধ্যে শতভাগ ডিজিটাল রূপান্তরসহ ১০ দফা সুপারিশ পেশ করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে এসব দাবি ও সুপারিশ তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেসিস সংস্কার পরিষদের উপদেষ্টা ও বেসিস সহায়ক কমিটির সাবেক কো-চেয়ারম্যান প্রকৌশলী মো. মিজানুর রহমান। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, পলাতক শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে অর্থ, অস্ত্র ও নির্দেশনার মাধ্যমে গত এক মাসে দেশের বিভিন্ন স্থানে অপরাধমূলক কর্মকাণ্ড ও নাশকতা পরিচালনা করছেন। পরিষদের দাবি অনুযায়ী, এসব কর্মকাণ্ড দেশের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ ব্যাহত করছে এবং এটি একটি প্রতিবেশী রাষ্ট্রের দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের অংশ। এ প্রেক্ষাপটে দল হিসেবে আওয়ামী লীগের বিচার দ্রুত শুরু এবং অভিযুক্ত নেতাদের বিচার ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়।

আইসিটি খাতের অতীত ও বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তারা বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ’ ও ‘স্মার্ট বাংলাদেশ’-এর নামে বিগত সময়ে লাইসেন্স, প্রকল্প, হাইটেক পার্ক নির্মাণ এবং ব্যান্ডউইথ ক্রয়সহ বিভিন্ন খাতে ব্যাপক অনিয়ম ও অর্থ পাচার হয়েছে। পরিষদের নেতাদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পরও আগের আমলে সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলোই সরকারি কাজ পাচ্ছে এবং দরপত্রের শর্ত এমনভাবে নির্ধারণ করা হচ্ছে, যাতে কেবল তারাই যোগ্য বিবেচিত হয়। এ ধারা অব্যাহত থাকলে জাতীয় আইসিটি অবকাঠামো ও সংবেদনশীল ডেটাবেজ অন্তর্ঘাতের ঝুঁকিতে পড়তে পারে বলে তাঁরা সতর্ক করেন।

বেসিসের অভ্যন্তরীণ কাঠামো প্রসঙ্গে নেতারা বলেন, গঠনতন্ত্রের অস্পষ্টতার সুযোগ নিয়ে অতীতে সফটওয়্যার নির্মাতা ও সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের বাইরেও অনেককে সদস্যপদ দেওয়া হয়েছে। এর ফলে প্রকৃত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নির্বাহী কমিটিতে নির্বাচিত হওয়ার সুযোগ সংকুচিত হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে তিনটি মূল দাবি এবং তা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কাছে ১০ দফা সুপারিশ উপস্থাপন করা হয়। মূল তিনটি দাবির মধ্যে রয়েছে—সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার প্রতিবাদ ও দল হিসেবে আওয়ামী লীগের বিচার; আইসিটি অবকাঠামো ও ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগ, ১৪ দল এবং সংশ্লিষ্ট প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করে কালোতালিকাভুক্ত করা; এবং ২০২৭ থেকে ২০৩৩ সাল মেয়াদে জাতীয় ডিজিটাল ট্রান্সফরমেশন রোডম্যাপ প্রণয়ন ও বাস্তবায়ন।

সংগঠনটির ১০ দফা সুপারিশের উল্লেখযোগ্য দিকগুলো হলো—

১. সাম্প্রতিক হত্যাকাণ্ড, বোমা হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা।

২. রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া সম্পন্ন করা।

৩. পোশাক শিল্পসহ সব শিল্পাঞ্চল ও শ্রমিকদের নিরাপত্তা জোরদার করা।

৪. গুজব প্রতিরোধে মোবাইল অ্যাপ, কল সেন্টার, ব্রডকাস্ট এসএমএস ও সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রমিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন।

৫. প্রশাসনে জবাবদিহি ও নিরপেক্ষতা নিশ্চিত করা।

৬. জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধন ও ভূমি রেকর্ডসহ জাতীয় আইসিটি অবকাঠামোর সংবেদনশীল কাজে যুক্ত বিগত আমলের সুবিধাভোগী ও প্রতিবেশী রাষ্ট্রসংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানকে কালোতালিকাভুক্ত করা।

৭. সরকারি আইসিটি প্রকল্পে স্বচ্ছতা, উন্মুক্ত প্রতিযোগিতা ও সাইবার নিরাপত্তা নিরীক্ষা বাধ্যতামূলক করা এবং বিদেশি প্রতিষ্ঠানের পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠানের অংশগ্রহণ ও প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করা।

৮. আইসিটি খাতে যোগ্য ও দক্ষ জনবল নিয়োগ দেওয়া।

৯. বেসিসের গঠনতন্ত্র সংস্কার করা।

১০. সদস্য ও ভোটার তালিকা হালনাগাদ ও পরিচ্ছন্ন করে দ্রুত অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের আহ্বায়ক ও বেসিস সহায়ক কমিটির সাবেক সদস্য প্রকৌশলী রোকনুজ্জামান রনি, সদস্যসচিব নাদিম হৃদয়, যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ আবু তাহেরসহ পরিষদের নেতৃবৃন্দ এবং আইসিটি খাতের ব্যবসায়ী ও পেশাজীবীরা।

সূত্র: দৈনিক আমার দেশ

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন