মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: এমপি বাচ্চু

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: এমপি বাচ্চু | আমার দেশ
শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: এমপি বাচ্চু | আমার দেশ

পোশাকশ্রমিকদের বেতন বাড়লেও আপাতত বাড়িভাড়া না বাড়ানোর আহ্বান জানিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

বেতন বৃদ্ধির সুযোগে বাড়ির মালিকেরা হুট করে ভাড়া বাড়ালে শ্রমিকদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হবে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে সংশ্লিষ্ট বাড়ির মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের ক্ষণিকা সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বাড়ির মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার বিভিন্ন এলাকার বাড়ির মালিকদের এ সভায় আমন্ত্রণ জানানো হয়।

এমপি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, পোশাকশ্রমিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে তাঁদের বেতন বৃদ্ধি করা হয়েছে। এতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়ার কিছুটা সুযোগ তৈরি হয়েছে। কিন্তু বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়িভাড়াও বাড়ানো হলে শ্রমিকেরা বেতন বৃদ্ধির প্রকৃত সুফল পাবেন না। তাঁদের বাড়তি আয়ের বড় অংশই বাড়িভাড়া পরিশোধে চলে যাবে।

তিনি বাড়ির মালিকদের উদ্দেশে বলেন, শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া আগের নির্ধারিত হারে রাখতে হবে। শ্রমিকদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করা যাবে না। কেউ বেতন বৃদ্ধির সুযোগে বাড়িভাড়া বাড়ানোর চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শিল্পাঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে বাড়ির মালিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা বলেন, সরকারি একটি নির্দেশনা এসেছে। ওই নির্দেশনার আলোকে বাড়ির মালিকদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। তাঁদের বাড়িভাড়া বাড়ানোর ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা ও নিয়মকানুন রয়েছে বলে বুঝিয়ে বলা হয়েছে। হঠাৎ করে বাড়িভাড়া না বাড়ানোর জন্য তাঁদের অনুরোধ করা হয়েছে। এতে শিল্পাঞ্চলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। শ্রমিকদের ওপর যেন কোনো ধরনের জুলুম করা না হয়, সে বিষয়েও বাড়ির মালিকদের সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন, শ্রীপুর একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এখানকার শিল্পকারখানার সঙ্গে শ্রমিক, বাড়ির মালিক, ব্যবসায়ীসহ অসংখ্য মানুষের জীবন-জীবিকা জড়িত। শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব পক্ষকে দায়িত্বশীল হতে হবে। শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং শিল্পকারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।

সভায় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজ উদ্দিন কাইয়া, শাহজাহান ফকির, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকার বাড়ির মালিকেরা।

এ ছাড়া বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সূত্র: দৈনিক আমার দেশ

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন