মূল সংবাদে যান
দৈনিক২৪ দৈনিক২৪

জনবলসহ নানা সংকটে খুঁড়িয়ে চলছে চিকিৎসাসেবা

দৈনিক ২৪ ডেস্ক

প্রকাশ:

জনবলসহ নানা সংকটে খুঁড়িয়ে চলছে চিকিৎসাসেবা
জনবলসহ নানা সংকটে খুঁড়িয়ে চলছে চিকিৎসাসেবা

চিকিৎসক ও নার্সের তীব্র সংকট, বিকল চিকিৎসা সরঞ্জাম, বেহাল অবকাঠামো এবং প্রয়োজনীয় সহায়ক জনবলের অভাবে ব্যাহত হচ্ছে বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা।

৫০ শয্যায় উন্নীত করা হলেও এখনো পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হয়নি হাসপাতালটিতে। দীর্ঘদিন ধরে বিকল এক্স-রে মেশিন, অকার্যকর সেন্ট্রাল অক্সিজেন সরবরাহব্যবস্থা, জরাজীর্ণ অপারেশন থিয়েটার, পরিচ্ছন্নতাকর্মীর অভাব ও বিদ্যুৎ সংকট রোগীদের ভোগান্তি বাড়াচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন বহির্বিভাগে প্রায় তিন শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন।

অথচ ৫০ শয্যার হাসপাতালটিতে চিকিৎসকের অনুমোদিত পদ রয়েছে ৩৪টি। এর বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র আটজন চিকিৎসক। তাদের মধ্যে তিনজনের বদলির আদেশ রয়েছে। এ ছাড়া ইতোমধ্যে পাঁচজন চিকিৎসক হাসপাতাল ছেড়ে অন্যত্র চলে গেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফলে বিপুলসংখ্যক রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।

হাসপাতালটিতে সার্জারি বিশেষজ্ঞ ও গাইনি চিকিৎসক না থাকায়, বিশেষ করে গ্রামাঞ্চলের গর্ভবতী নারীদের প্রসবকালীন ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য যেতে হচ্ছে বরিশালসহ বিভিন্ন হাসপাতালে। প্যাথলজি বিভাগেও প্রয়োজনীয় জনবলের সংকট রয়েছে। ফলে রোগ নির্ণয়ের ক্ষেত্রে প্রত্যাশিত সেবা নিশ্চিত করা যাচ্ছে না। চিকিৎসকের পাশাপাশি নার্স ও অন্যান্য জনবলেও রয়েছে ঘাটতি। হাসপাতালে নার্সের অনুমোদিত পদ ২৫টি। এর মধ্যে প্রায় আটজন নার্স বিভিন্ন প্রতিষ্ঠানে প্রেষণে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। ফলে নিজ হাসপাতালের নিয়মিত সেবা কার্যক্রম পরিচালনায় চাপ তৈরি হচ্ছে। এ ছাড়া সাতটি ফার্মাসিস্টের পদ থাকলেও বর্তমানে ফার্মাসিস্টের সংকট রয়েছে। হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্যও নেই প্রয়োজনীয় ক্লিনার বা পরিচ্ছন্নতাকর্মী। চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামোগত সমস্যাও দীর্ঘদিনের। হাসপাতালের এক্স-রে মেশিন দীর্ঘদিন ধরে বিকল থাকায়, রোগীদের বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে পরীক্ষা করাতে হচ্ছে। অপারেশন থিয়েটারের অবস্থাও বেহাল।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম মনিরুল ইসলাম বলেন, হাসপাতালের সমস্যাগুলো সম্পর্কে আমরা অবগত। সীমিত জনবল ও সুযোগ-সুবিধা নিয়েই প্রতিদিন বিপুলসংখ্যক রোগীকে সেবা দিতে হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবলের সংকট রয়েছে। সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা চালু করতে বিশেষজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে সরবরাহ লাইন মেরামত করা জরুরি। এক্স-রে মেশিন চালুর জন্য স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। এ ছাড়া সিভিল সার্জন কার্যালয়সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় সহযোগিতা পেলে হাসপাতালের সেবার মান আরো উন্নত করা সম্ভব হবে।

সূত্র: দৈনিক আমার দেশ

সব খবর দেখুন
মূলপাতায় ফিরে যান

সংবাদ খুঁজুন